ড্রপবক্স: আমরা হ্যাক হইনি!
হ্যাকিংয়ের ঘটনা অস্বীকার করেছে অনলাইন ফাইল হোস্টিং সার্ভিস ড্রপবক্স। সম্প্রতি অনলাইনে কয়েকশ ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড পোস্ট করে দিয়ে ড্রপবক্স হ্যাক করার দাবি করেছে অজ্ঞাত পরিচয়ের একদল হ্যাকার।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ৭০ লাখ ড্রপবক্স ব্যবহারকারীর ‘ইউজার ক্রেডিনশেয়াল’ চুরির দাবি করেছে ওই হ্যাকাররা। কিন্তু এক ব্লগ পোস্টে ড্রপবক্সের পক্ষ থেকে বলা হয়েছে, “ড্রপবক্স নয়, হ্যাকাররা ইউজার নেম-পাসওয়ার্ড চুরি করেছে অন্য কোনো সার্ভিসের।”
হ্যাকাররা আইডি ও পাসওয়ার্ড কোথা থেকে চুরি করেছে সে বিষয়টি পরিস্কার নয় বলে জানিয়েছেন এক ড্রপবক্স মুখপাত্র। তবে থার্ড পার্টি অ্যাপে ড্রপবক্সের একই ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ব্যবহার করলে সেই থার্ড পার্টি অ্যাপ বা সেবা থেকে ইউজার ক্রেডিনশিয়াল ফাঁস হয়ে থাকতে পারে বলে জানিয়েছে সিএনএন।
কোনো ড্রপবক্স অ্যাকাউন্টে সন্দেহজনক অ্যাকটিভিটি দেখা গেলে ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করা হয় বলে জানিয়েছে ড্রপবক্স। নিরাপত্তা বাড়াতে কঠিন পাসওয়ার্ড ও টু-স্টেপ-অথেনটিকেশন সিস্টেম ব্যবহার করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
