২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দশ লাখ পিসিতে উইন্ডোজ ১০ প্রিভিউ

অভিষেকের দুই সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী ১০ লাখ ব্যবহারকারী তাদের কম্পিউটারে ইনস্টল করেছেন উইন্ডোজ ১০ এর ‘প্রিভিউ ভার্সন’। ‘বাণিজ্যিক সংস্করণ’ বাজারজাত করার আগে ইনসাইডার প্রোগ্রামে নিবন্ধিত ব্যবহারকারীদের সহযোগিতায় ওএসটির কার্যক্ষমতা যাচাই করে দেখছে মাইক্রোসফট।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 06:48 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, প্রিভিউ ভার্সন নিয়ে অভিজ্ঞতার ওপর ভিত্তি করে দুই লাখ ফিডব্যাকও জানিয়েছেন ব্যবহারকারীরা।

মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ১০ কে সবার সামনে আনে সেপ্টেম্বর মাসে। বাণিজ্যিক সংস্করণ বাজারে আসবে ২০১৫ সালে। এখন প্রিভিউ ভার্সন ব্যবহার করছেন কেবল ইনসাইডার প্রোগ্রামের নিবন্ধিত ব্যবহারকারীরা।

মাইক্রোসফট অপারেটিং সিস্টেম গ্রুপের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট জো বেলফিয়োরে এক ব্লগ পোস্টে জানান, নতুন ওএসে উইন্ডোজ ৮ এর সমস্যাগুলো সমাধানের পাশাপাশি যোগ হবে ব্যবহারকারীদের কাঙ্ক্ষিত ফিচার।

উইন্ডোজ ১০-এর বাণিজ্যিক সংস্করণটি কেমন হবে তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে ম্যাশেএবল। তবে প্রিভিউ ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে যত দ্রুত সম্ভব খুঁটিনাটি বিভিন্ন জিনিস ঠিক করা হচ্ছে বলে জানিয়েছেন বেলফিয়োরে।