আবারও রাশিয়ান হ্যাকারদের গুপ্তচরবৃত্তি
মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং অন্যান্য সফটওয়্যার বাগের সুযোগ নিয়ে ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়ান, ইউক্রেইন এবং জ্বালানী ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর রাশিয়ান হ্যাকাররা গুপ্তচরবৃত্তি চালাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাইবার ইন্টেলিজেন্স ফার্ম আইসাইট পার্টনার্স।
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেইন সঙ্কট, কূটনৈতিক, জ্বালানী ও যোগাযোগ খাতের বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য রাশিয়ার হ্যাকাররা গুপ্তচরবৃত্তি চালাচ্ছে বলে সন্দেহ করছে আইসাইট।
রাশিয়ান হ্যাকারদের এই গুপ্তচরবৃত্তি গত পাঁচ বছর ধরে চলছে বলে জানিয়েছে সাইবার ইন্টেলিজেন্স প্রতিষ্ঠানটি। লক্ষবস্তুর উপর সাইবার আক্রমণ চালাতে হ্যাকাররা বিভিন্ন সময় বিভিন্ন পন্থা অবলম্বন করেছে।
আর উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভার্সনের বাগ ব্যবহার করে সাইবার গুপ্তচরবৃত্তি শুরু হয়েছে চলতি বছরের অগাস্ট মাসে। মাইক্রোসফটকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের এই দুর্বলতার ব্যাপারে জানিয়েছে আইসাইট।
অপারেটিং সিস্টেমের ওই বাগগুলো ঠিক করতে মঙ্গলবার মাইক্রোসফট অটোমেটিক আপডেট ইসু করবে বলে জানিয়েছেন এক মাইক্রোসফট মুখপাত্র।
এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া সরকার, ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউক্রেইনের সরকার।
