এবার গেইমনির্ভর স্কুল
‘খেলতে খেলতে শেখা’র চিন্তাধারা থেকে অচিরেই অভিষেক হতে পারে বিশ্বের প্রথম ‘ভিডিও গেইম’ স্কুলের। সম্প্রতি শিশুদের জন্য এমনই এক ফ্রি স্কুল খোলার জন্য অনুমতি চেয়ে যুক্তরাজ্যের শিক্ষা বিভাগের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন ব্রিটিশ উদ্যোক্তা, ফ্যান্টাসি লেখক এবং ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠান ‘গেইমস ওয়ার্কশপ’ সহ-প্রতিষ্ঠাতা ইয়ান লিভিংস্টোন।
ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি জানিয়েছে, ২০১৬ সালেই পশ্চিম লন্ডনের হ্যামারস্মিথে চালু হতে পারে এই অভিনব স্কুল। ‘পরীক্ষাকেন্দ্রিক’ প্রচলিত শিক্ষা ব্যবস্থার বদলে ভিডিও গেইম থেকে শেখার ধরনই নিজের পছন্দ বলে জানিয়েছেন লিভিংস্টোন।
“ইন্টারনেট যুগে জন্ম নেওয়া শিশুদের ব্যাপারে আমি খুবই আবেগপ্রবণ। আমি মনে করি ওদের শেখার ধরনও আলাদা।”-- বিবিসিকে বলেন লিভিংস্টোন। যুক্তরাজ্যের শিক্ষা বিভাগের কাছে জমা দেওয়া আবেদনে তাকে সমর্থন দিয়েছেন দেশটির একাধিক শীর্ষস্থানীয় স্কুলের প্রধান শিক্ষকরা।
শিক্ষাব্যবস্থায় গেইমিং প্রযুক্তি অন্তর্ভূক্ত করলে, শিক্ষার্থীরা কেবল পরীক্ষায় পাস করার চেষ্টা না করে কি ভাবে বিভিন্ন জটিল সমস্যার সমাধান করতে হয় সেটা শিখবে বলে মনে করেন লিভিংস্টোন।
লিভিংস্টোনের ওই আবেদন ইতিবাচকভাবে নিয়েছে যুক্তরাজ্যের শিক্ষাবিভাগও। এ বিষয়ে শিক্ষাবিভাগের এক মুখপাত্র বলেন, “আমরা সবধরনের উদ্ভাবনী আর উত্তেজনাকর ফ্রি স্কুলের প্রস্তাবকে স্বাগত জানাই।”
গেইমিং জগতে লিভিংস্টোনের পরিচয় ‘টুম্ব রেইডার’ আর ‘ওয়ারহ্যামার’-এর মতো জনপ্রিয় গেইমগুলোর পেছনের মূল ব্যক্তি হিসেবে। ৮০-র দশকে ফ্যান্টাসি বই লিখেই সাফল্য পেয়েছেন তিনি। আর এবার ভিডিও গেইম ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সবগুলো মূল বিষয়েই বাচ্চারা শিখতে পারবে বলে আশা করছেন তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/শিহাব/এজেড/এইচবি/অক্টোবর ১৩/২০১৪
