২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাক হচ্ছে এটিএম মেশিন

এটিএম ক্যাশ মেশিনের অপারেটিং সিস্টেমের দুর্বলতার সুযোগ নিয়ে বিপুল পরিমাণ অর্থ চুরি করে নিচ্ছে হ্যাকাররা। ‘টাইআপকিন’ নামের নতুন এক ম্যালওয়ার ব্যবহার করে এই ঘটনা ঘটাচ্ছে তারা। এর মধ্যেই এটিএম মেশিনের এই দুর্বলতা সম্পর্কে ইউরোপ, লাতিন আমেরিকা এবং এশিয়ার দেশগুলোর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সাবধান করে দিয়েছে ইন্টারপোল।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 06:50 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

বিবিসি জানিয়েছে, এর মধ্যেই মাঠপর্যায়ে তদন্ত শুরু করেছে ইন্টারপোল। এটিএম মেশিনের এই দুর্বলতা আবিষ্কার করেছে অ্যান্টিভাইরাস নির্মাতা ক্যাসপারস্কি ল্যাব।

ক্যাসপারস্কি জানিয়েছে, একটি বুট সিডি দিয়ে প্রথমে এটিএম মেশিনে টাইআপকিন ম্যালওয়ার ইন্সটল করা হয়। এরপর এটিএম মেশিনের কিপ্যাডে বিশেষ কোড দিয়ে ক্রেডিট বা ডেবিট কার্ড ছাড়াই একসঙ্গে চল্লিশটি নোট বের করে নিতে পারে হ্যাকাররা।

এ বিষয়ে ক্যাসপারস্কির প্রধান নিরাপত্তা গবেষক ভিসেন্টে ডিয়াজ বলেন, “গত কয়েক বছর ধরে আমরা লক্ষ করেছি যে, স্কিমিং ডিভাইস আর ম্যালওয়্যার ব্যবহার করে এটিএম মেশিন হ্যাক করার ঘটনা অনেক বেড়েছে। সাইবার অপরাধীরা এখন সরাসরি আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর আক্রমণ চালাচ্ছে।” 

এটিএম মেশিনগুলোর অপারেটিং সিস্টেমের নিরাপত্তায় ব্যবস্থায় দুর্বলতা আর অতি প্রয়োজনীয় সমাধানের অনুপস্থিতিকেই এ ক্ষেত্রে মূল কারণ হিসেবে দেখছে ক্যাসপারস্কি।