২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটার কর্মীদের আইএসের হুমকি

টুইটার কর্মীদের প্রাণনাশের হুমকি দিয়েছিল ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীরা। আইএস-এর এই হুমকির খবর নিশ্চিত করেছেন মাইক্রোব্লগিং সাইটটির প্রধান নির্বাহী ডিক কস্টোলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 05:37 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

ভ্যানিটি ফেয়ার নিউ এস্টাবলিশমেন্ট সামিটে দেওয়া এক সাক্ষাৎকারে আইএস হুমকির ব্যাপারে মুখ খোলেন কস্টোলো। একাধিক আইএস জঙ্গীর অ্যাকাউন্ট ডিলিট করার পর প্রাণনাশের হুমকি আসতে থাকে টুইটার কর্মীদের উদ্দেশ্যে।

“তাদের অ্যাকাউন্টগুলো ডিলিট করে দেওয়ার পর, টুইটারের মাধ্যমেই টুইটার কর্মী এবং ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের হত্যা করা উচিত বলে মন্তব্য করেছিল সংগঠনটির সঙ্গে জড়িত একাধিক ব্যক্তি।”-- জানান তিনি। নিজেও প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন কস্টোলো।

শুরু থেকেই মাইক্রোব্লগিং সাইট টুইটার ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ ও তথ্য আদান প্রদান করছিল আইএস কর্মীরা। আইএসের অ্যাকাউন্ট নীতির বিরোধী হওয়ায় প্রথমেই সেটা ডিলিট করেছিল টুইটার। এরপর একে একে ডিলিট করা হয়েছে আইএস কর্মীদের একাধিক অ্যাকাউন্ট।

এ ব্যাপারে কস্টেলো বলেন, “আমরা যে দেশগুলোতে সেবা দিয়ে থাকি তার বেশিরভাগেই টুইটার ব্যবহার করে এ ধরনের সংগঠনের প্রচারণা চালানো নিষিদ্ধ। আমরা এরকম অ্যাকাউন্টগুলো খুঁজে বের করে যতো দ্রুত সম্ভব ডিলিট করে দেই।”