জাকারবার্গ-মোদি সাক্ষাৎ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুক সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ভারতের প্রত্যন্ত গ্রামাঞ্চল ইন্টারনেট সেবার আওতায় আনতে নরেন্দ্র মোদিকে সাহায্য করতে চান বলে বৃহস্পতিবার নয়া দিল্লীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন জাকারবার্গ।
সংবাদ সম্মেলনে জাকারবার্গ বলেন, “আমরা বিশ্বাস করি যোগাযোগ ব্যবস্থা একটা মানবাধিকার, এটা কেবল ধনী আর ক্ষমতাবানদের সুবিধা হতে পারে না। মোদির ডিজিটাল ভারত পরিকল্পনা নিয়ে আগ্রহ প্রকাশ করেন জাকারবার্গ। প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইন্টারনেট সেবা পৌছে দিতে ফেইসবুক কীভাবে সহায়তা করতে পারে তা নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ইতোমধ্যে ভারতের টেলিযোগাযোগমন্ত্রী রবি শঙ্কর প্রসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফেইসবুকের প্রধান নির্বাহী। ভারতে জাকারবার্গ উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন রবি শঙ্কর।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে হিন্দি ভাষার ব্যবহার বৃদ্ধির ব্যাপারে জাকারবার্গ বলেন, “২০০৭ সাল থেকে ফেইসবুক অঞ্চলভিত্তিক ভাষায় নতুন নতুন অ্যাপ ও সার্ভিস তৈরিতে কাজ করছে। প্রায় ৬৫ শতাংশ লোক ফেইসবুক ইংরেজির পরিবর্তে অন্যান্য ভাষা ব্যবহার করে, যার মধ্যে ১০টি ভারতীয় ভাষাও রয়েছে।”
