২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যান্ড হিসেবে আবারও শীর্ষে অ্যাপল

চলতি বছরেও ব্র্যান্ড হিসেবে বিশ্বে সবচেয়ে দামি প্রতিষ্ঠানের আসনটি নিজের দখলে রেখেছে অ্যাপল। আন্তর্জাতিক ব্র্যান্ড কনসালটেন্সি প্রতিষ্ঠান ইন্টারব্র্যান্ডের সর্বশেষ র‌্যাংকিংয়ে দ্বিতীয়বারের মতো শীর্ষস্থান দখলে রেখেছে মার্কিন এই টেক জায়ান্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 06:25 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্টারব্র্যান্ডের র‌্যাংকিংয়ে প্রথম দশের মধ্যেই অ্যাপলের শীর্ষ প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। দ্বিতীয় স্থানে আছে গুগল আর আইবিএম আছে চতুর্থ স্থানে। মাইক্রোসফট ও স্যামসাং আছে যথাক্রমে পঞ্চম ও সপ্তম স্থানে।

৭ সেপ্টেম্বর ফ্লিন্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নিজের ওয়ালেটটি উঁচিয়ে ধরে অ্যাপল প্রধান টিম কুক বলেছিলেন, “এটাকে সরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য”। কুকের এই বক্তব্যের মাধ্যমেই অ্যাপলের মোবাইল পেমেন্ট প্লাটফর্ম ‘অ্যাপল পে’-র আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল।

২০০১ সালের ম্যাকওয়ার্ল্ড এক্সপোতে গ্রাহকদের জন্য অ্যাপল এক ‘ডিজিটাল হাব’-এ পরিণত হবে বলে নিজের লক্ষ্যের কথা বলেছিলেন অ্যাপলগুরু স্টিভ জবস। ৯ সেপ্টেম্বরের ওই ইভেন্টে টিম কুক যেন জবসের ওই লক্ষ্যের পরিপূর্ণতাই ইঙ্গিত করেছিলেন--এমনটাই মন্তব্য করেছে ম্যাকরিউমার ডটকম।

৯ সেপ্টেম্বরের ওই ইভেন্টে নতুন দুই আইফোন পাশাপাশি বহুপ্রতিক্ষিতি স্মার্টওয়াচ ‘অ্যাপল ওয়াচ’ উন্মোচন করেছিল অ্যাপল। ইভেন্টটিকে অ্যাপলের ইতিহাসে ‘সবচেয়ে উচ্চাকাঙ্খী পণ্য উন্মোচনী অনুষ্ঠান’ বলে অ্যাখ্যা দিয়েছিল মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

নতুন দুই আইফোনের বিক্রি শুরু হওয়ার পর ‘বেন্ডগেট’ ইসু নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরলেও বাজারে অ্যাপলের অবস্থান এখনও শক্ত। আর প্রযুক্তিপণ্য ভক্তরা এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছেন অ্যাপল ওয়াচের জন্য। সব মিলিয়ে ২০১৪ সালেও সবচেয়ে দামি ব্র্যান্ড হিসেবে অ্যাপলের আধিপত্য ছিল অনেকটাই প্রত্যাশিত।