ক্ষমা চাইলেন নাদেলা
ফেঁসে গেছেন মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা। প্রযুক্তি জগতে নারী কর্মীদের বেতন বাড়ানোর জন্য আবেদন করার প্রয়োজন নেই, বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপর ছেড়ে দেওয়া উচিত তাদের, এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগের মাধ্যম আর ব্লগগুলোতে ব্যাপক সমালোচনার মুখের পরেন নাদেলা। শেষ পর্যন্ত তিনি ক্ষমা চেয়েছেন নিজের মন্তব্যের জন্য।
ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার এক ইভেন্টে প্রযুক্তি জগতের যেসব নারী কর্মীরা বেতন বাড়ানোর আবেদন করতে দ্বিধা করেন তাদের সম্ভাব্য করণীয় নিয়ে পরামর্শ চাওয়া হয়েছিল নাদেলার কাছে। আর তখনই বেফাঁস মন্তব্য করে বসেন তিনি।
সেসময় নাদেলার স্বাক্ষাৎকারটি নিচ্ছিলেন মাইক্রোসফটের পরিচালক ও হার্ভে মাড কলেজ প্রেসিডেন্ট মারিয়া ক্লাওই। নাদেলার উত্তরের সঙ্গে সঙ্গেই দ্বিমত পোষণ করেন তিনি। উপস্থিত নারী দর্শকদের সমর্থনও পান তিনি।
এরপর টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম আর ব্লগে ব্যাপক সমালোচনার মুখে পরেন নাদেলা। বৃহস্পতিবার রাতেই ক্ষমা চান তার মন্তব্যের জন্য। মাইক্রোসফটের ওয়েবসাইটে পোস্ট করা এক মেমোতে একেবারেই ‘ভুল উত্তর’ দিয়েছেন বলে স্বীকার করে নেন তিনি। সমান কাজের জন্য নারী পুরুষ উভয়ের বেতন সমান হওয়া উচিত এবং বেতন বাড়ানো উচিত বলে মনে করলে নারী কর্মীদের সরাসরি উর্ধতন কর্মকর্তাদের কাছে সেটা চাওয়া উচিত বলে মেমোতে মন্তব্য করেন নাদেলা।
প্রযুক্তি জগতে লিঙ্গবৈষম্য নতুন কোনো বিষয় নয়। কর্মী হিসেবে নারীদের তুলনায় পুরুষ কর্মীদেরই বেশি নিয়োগ দিয়ে থাকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। আর সিংহভাগ ক্ষেত্রেই সমান কাজের জন্য পুরুষ সহকর্মীদের তুলনায় কম বেতন পেয়ে থাকেন নারী কর্মীরা।
