২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচটিসির নতুন ‘হ্যান্ডহেল্ড’ ক্যামেরা

নতুন ‘হ্যান্ডহেল্ড’ ক্যামেরা ‘আরই’(RE) উন্মোচন করেছে তাইওয়ানিজ স্মার্টফোন নির্মাতা এইচটিসি। দেখতে অনেকটা সাবমেরিনের পেরিস্কোপের মতো পানি-নিরোধক এই ক্যামেরা মার্কিন প্রতিষ্ঠান গোপ্রোর তৈরি হাই-ডেফিনিশন পারোসানাল ক্যামেরার সঙ্গে প্রতিদ্বন্দিতা করবে বলে মনে করছেন প্রযুক্তি বোদ্ধারা।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 05:09 PM

Updated : 25 Apr 2022, 04:48 PM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আরই-তে আছে অভিনব এক সেন্সর। ক্যামেরাটি হাতে নিলেই স্বয়ংক্রিয়ভাবে এটি চালু করবে সেন্সরটি। স্মার্টফোন আর ট্যাবলেটের সঙ্গে তারবিহীন সংযোগের জন্য আছে আলাদা অ্যাপ। আরইতে তোলা ছবি আর ভিডিও সরাসরি স্মার্টডিভাইসে স্ট্রিমিং করবে ওই অ্যাপ।

নতুন এই ক্যামেরা ‘মোবাইল ফটোগ্রাফির দুনিয়াটাই পাল্টে দেবে’-- দাবি এইচটিসির।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন ক্যামেরা উন্মোচনের সময় এইচটিসির প্রধান নির্বাহী পিটার চৌ বলেন, “অবিশ্বাস্য হার্ডওয়্যার আর অতুলনীয় সফটওয়্যারের মিশেলে ছবি তোলার ধারণাই নতুন করে আবিষ্কার করছে এইচটিসি।”

শুধু নতুন হ্যান্ডহেল্ড ক্যামেরাই নয়, নিউ ইয়র্কের ওই ইভেন্টে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার অ্যান্ড্রয়েড স্মার্টফোনও উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।