ধুঁকছে পিসি বাজার
ধুঁকছে পিসির বিশ্ববাজার। স্মার্টফোন আর ট্যাবলেট কম্পিউটারের দৌরাত্বে ল্যাপটপ আর ডেস্কটপ কম্পিউটার রাজত্ব হারিয়েছে আগেই। চলতি বছরে বিশ্বের কয়েকটি বাজারে বিক্রি আগের বছরের তুলনায় বাড়লেও, বিশ্ববাজারে সব মিলিয়ে কমেছে পিসির চাহিদা।
এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে পশ্চিম ইউরোপ আর মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আগের বছরের তুলনায় পিসি বিক্রি বাড়লেও কমেছে চীন, জাপানসহ এশিয়ার বিভিন্ন দেশে।
বিশ্বব্যাপী প্রযুক্তিপণ্যের বাজারে পিসির বর্তমান অবস্থা নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন(আইডিসি) এবং গার্টনার ইনকর্পোরেটেড। আইডিসির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটারের বিক্রি কমেছে ২ শতাংশ। গার্টনারের প্রতিবেদন অনুযায়ী এই হার ১ শতাংশের কম।
দুই বাজার বিশ্লেষক প্রতিষ্ঠানের প্রতিবেদনে পার্থক্য থাকলেও ল্যাপটপ আর ডেস্কটপ কম্পিউটারের বাজার যে নড়বড়ে অবস্থায় আছে তা নিশ্চিত বলে মন্তব্য করেছে এবিসি নিউজ। এই নিয়ে শেষ ১০ প্রান্তিকের ৯টিতেই হ্রাস পেল বিশ্ববাজারে পিসি বিক্রির হার।
তবে ২০১১ সালের পর ২০১৪ সালে এসে পিসির বাজার অনেকটাই স্থিতিশীল বলে নিজস্ব প্রতিবেদনে মন্তব্য করেছে আইডিসি। চতুর্থ প্রান্তিকের ‘হলিডে সিজনে’ পিসির বিক্রি বাড়বে বলে আশা প্রকাশ করেছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠানটি।
