ফেইসবুক মেসেঞ্জারে ‘পেমেন্ট ফিচার’
ফেইসবুক মেসেঞ্জারে আছে বন্ধুদের মধ্যে অর্থ লেনদেনের ফিচার। ফেইসবুক কর্তুপক্ষ কবে লুকানো এই ফিচারটি চালু করবে অপেক্ষা এখন কেবল সেটার! আইওএস অ্যাপ ডেভেলপার টুল সাইক্রিপ্ট ব্যবহার করে ফেইসবুক মেসেঞ্জারে লুকানো ওই ফিচার আবিষ্কার করেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স শিক্ষার্থী অ্যান্ড্রু অডে।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদেনে জানিয়েছে, ছবি বা ফাইল পাঠানোর মতো একইভাবে অর্থ পাঠানো যাবে মেসেঞ্জার থেকে। ডেবিট কার্ড ব্যবহার করা যাবে এক্ষেত্রে। লেনদেনের নিরাপত্তা বাড়াতে আছে ‘ইন-অ্যাপ পিনকোড’।
মেসেঞ্জারের মাধ্যমে লনদেনের ক্ষেত্রে ফেইসবুক কোনো চার্জ কাটবে কি না সে বিষয়টি এখনও পরিষ্কার নয় বলেই জানিয়েছে টেকক্রাঞ্চ। তবে, ফেইসবুক হঠাৎ করেই কেন সাবেক পেপাল প্রেসিডেন্ট ডেভিড মার্কাসকে মেসেঞ্জোর সেবার প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে তা এখন পরিষ্কার বলেই মন্তব্য করেছে টেকক্রাঞ্চ।
মেসেঞ্জার অ্যাপে পেমেন্ট কোডের অস্তিত্ব সর্বপ্রথম আবিষ্কার করেন সাইবার নিরাপত্তা গবেষক জোনাথান জিডজিয়ারস্কি। আর সাইক্রিপ্ট ব্যবহার করে বিস্তারিত তদন্ত চালান স্ট্যানফোর্ড শিক্ষার্থী অ্যান্ড্রু অডে। নিজের জেইলব্রেক করা আইফোনে ফিচারটি চালু করতে সক্ষম হন তিনি। ফিচারটির স্ক্রিনশট আর ভিডিও তৈরি করেছেন অডে।
তবে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ফেইসবুক। টেকক্রাঞ্চের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলেও শীর্ষ সোশাল মিডিয়া কর্তৃপক্ষ এ বিষয়য়ে মুখে কুলুপ এঁটে আছে বলে জানিয়েছে সাইটটি।
