এবার ‘ডাক্তারদের ইনস্টাগ্রাম’!
সহকর্মী আর শিক্ষার্থীদের সঙ্গে রোগীদের রোগসংশ্লিষ্ট ছবি শেয়ার করার জন্য পশ্চিম ইউরোপের চিকিৎসকদের হাতে এসেছে নতুন অ্যাপ ‘ফিগার ১’। এখন পর্যন্ত দেড় লাখ চিকিৎসক রোগীর পরিচয় গোপন রেখে শেয়ার করেছেন বিভিন্ন ছবি।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রোগীর পরিচয় গোপন রাখতে স্বয়ংক্রিয়ভাবে রোগীর চেহারা ঘোলা করে দেয় অ্যাপটি। আর ডেটাবেইজে যোগ হওয়ার আগে প্রতিটি ছবি রিভিউ করেন মডারেটররা।
তারপরও অ্যাপটির মাধ্যমে রোগীর ছবি এভাবে শেয়ার করার ক্ষেত্রে রোগীর পরিচয়ের গোপনীয়তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
এ ব্যপারে ‘ফিগার ১’ প্রতিষ্ঠাতা যশ ল্যান্ডি বিবিসিকে বলেন, “রোগীদের কোনো ব্যক্তিগত ডেটা আমাদের কাছে নেই। আমরা কোনো হেলথকেয়ার সেবাদাতা প্রতিষ্ঠানও নই।”
তবে অ্যাপটির মাধ্যমে ছবি শেয়ার করার নিজের পরিচয় নিশ্চিত করতে হয় চিকিৎসকদের। পাশাপাশি নিজ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্স এবং রোগীর অনুমতি নেওয়ার পরামর্শও দেওয়া হয়।
যে কেউ অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন বলে জানিয়েছেন ল্যান্ডি। তবে ছবি আপলোড এবং শেয়ার করতে পারবেন কেবল লাইসেন্সধারী পেশাদাররা। অ্যাপটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন উত্তর আমেরিকা, যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের চিকিৎসকরাও।
২০১৩ সালে অ্যাপটি ৬০ লাখ ডলার বিনিয়োগ পেয়েছে বলেই জানিয়েছে বিবিসি।
