মার্কিন সরকারের বিরুদ্ধে টুইটারের মামলা
মার্কিন সরকারের বর্তমান নজরদারি আইন মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করে এই অভিযোগে মামলা করেছে শীর্ষ মাইক্রোব্লগিং সাইট টুইটার।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান মার্কিন আইনের অধীনে ব্যবহারকারীদের ডেটা হাতবদলের জন্য মার্কিন সরকারের পক্ষ থেকে প্রায়শই যে ‘অনুরোধ’ করা হয়, সে সম্পর্কে অনেক তথ্যই সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মোচনের অনুমতি পায় না টুইটার। আর এই বিষয়টি মার্কিন সংবিধানের পরিপন্থি বলেই অভিযোগ টুইটারের।
মঙ্গলবার উত্তর ক্যালিফোর্নিয়ার আদালতে ‘ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস’ এবং ‘ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন’ (এফবিআই)-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে টুইটার।
চলতি বছরের এপ্রিল মাসে মার্কিন সরকারের কাছে এক স্বচ্ছতা প্রতিবেদন জমা দিয়েছিল টু্ইটার। কিন্তু এখন পর্যন্ত ওই প্রতিবেদনের নির্দিষ্ট কিছু অংশ বাদে সিংহভাগ সাধারণ জনগনের জন্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে আসছে মার্কিন সরকার।
মার্কিন সরকার জাতীয় নিরাপত্তার কথা বলে টুইটার ব্যবহারকারীদের ডেটা হাতবদলের জন প্রতিষ্ঠানটির কাছে কতবার ‘অনুরোধ’ করেছে এবং কোন ধরনের ডেটা চাওয়া হয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য ওই প্রতিবেদনে আছে বলে জানিয়েছে বিবিসি।
