ফেইসবুক মানদণ্ডে জনপ্রিয় ১০ বই
ব্যবহারকারীদের সবচেয়ে পছন্দের ১০০ বইয়ের তালিকা প্রকাশ করেছে শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুক। এর জন্য ফেইসবুককে অবশ্য আলাদা কোনো জরিপ চালাতে হয়নি। পছন্দের বইয়ের নামগুলো নিজে থেকেই জানিয়েছেন ব্যবহারকারীরা।
সম্প্রতি ফেইসবুকে ভাইরাল হয়ে ছড়িয়ে পরা এক মেমে থেকেই মিলেছে প্রয়োজনীয় সব তথ্য। ওই মেমের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, -- “বন্ধুদের স্ট্যাটাসে এমন ১০টি বইয়ের নাম লিখতে বলুন যে বইগুলো কোনো না কোনো ভাবে এখনও তাদের সঙ্গেই আছে।”
সঙ্গের নির্দেশনায় বলা হয়েছিল, “কয়েক মিনিটের বেশি সময় নেবেন না, বেশি চিন্তাও করবেন না। বইগুলো খুব ভালো সাহিত্যকর্ম হওয়ার প্রয়োজনও নেই। কেবল কোনোভাবে আপনাকে প্রভাবিত করলেই হবে।”
এতো গেল বাংলা তর্জমা। বাংলাদেশের ব্যবহারকারীদের মধ্যেও কিন্তু বেশ সাড়া ফেলে দিয়েছিল এই মেমে। ভাইরাল এই মেমেতে সাড়া দিয়ে বাংলাদেশের মতো বিশ্বের বিভিন্ন দেশের মানুষ স্ট্যাটাসে লিখেছেন তাদের প্রিয় ১০ বইয়ের নাম। সঙ্গে ট্যাগ করে দিয়েছেন কাছের দুই-তিনজন বন্ধুকে।
অগাস্ট মাসের শেষ দুই সপ্তাহে এরকম ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারীর স্ট্যাটাস থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে ব্যবহারকারীদের পছন্দের ১০০ বইয়ের তালিকা বানিয়েছে ফেইসবুক।
ফেইসবুক আর প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলের প্রতিবেদনের ভিত্তিতে সামাজিক যোগাযোগের মাধ্যমটিতে সবচেয়ে জনপ্রিয় ১০০ বইয়ের মধ্যে প্রথম দশটি তুলে ধরা হল নিচে:
ব্রিটিশ সাহিত্যিক জে কে রাওলিংয়ের লেখা এপিক ফ্যান্টাসি সিরিজ ‘হ্যারি পটার’ যে তালিকার শীর্ষে থাকবে সেটা ছিল অনেকটাই প্রত্যাশিত। সিরিজের প্রথম উপন্যাস ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ প্রকাশিত হয়েছিল ১৯৯৭ সালের জুনে। ২০১৩ সালের জুন মাস পর্যন্ত বিশ্বব্যাপী হ্যারি পটার সিরিজের ৭টি উপন্যাসের প্রায় ৪৫ কোটি কপি বিক্রি হয়েছে।
হ্যারি, রন আর হারমায়নি শুধু পাঠকদের মন জয় করে নেয়নি। সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। শুধু উপন্যাস হিসেবে নয়, হলিউডের রূপালি পর্দাতেও সফল হ্যারি পটার।
১৯৬০ সালে প্রকাশিত মার্কিন লেখিকা হার্পার লি-র এই উপন্যাসটিকে বিবেচনা করা হয় আধুনিক মার্কিন সাহিত্যের একটি ‘ক্লাসিক’ হিসেবে। লেখিকার পরিবার ও প্রতিবেশীদের উপর তার পর্যবেক্ষণ আর ১৯৩৬ সালে নিজ এলাকা ও তার আশপাশের এলাকায় ঘটে যাওয়া ঘটনা থেকে অনুপ্র্রাণিত হয়েছে উপন্যাসটির গল্প। উপন্যাসটির জন্য পুলিৎজার পুরস্কারও জিতেছেন হার্পার লি।
ফ্যান্টাসি উপন্যাস ভক্তদের অনেকের কাছেই সেরা ফ্যান্টাসি উপন্যাস ব্রিটিশ সাহিত্যিক জে আর আর টোলকিনের লেখা ‘দ্য লর্ড অফ দ্য রিংস’। তিন খণ্ডে বিভক্ত উপন্যাসটিকে সোজা কথায় বলা চলে টোলকিনের আরেক জনপ্রিয় উপন্যাস ‘দ্য হবিট’-এর উত্তরসূরি। প্রথম খণ্ড প্রকাশিত হয় ১৯৫৪ সালের জুলাই মাসে, আর শেষ খণ্ড প্রকাশ পায় ১৯৫৫ সালের অক্টোবরে। আধুনিক ফ্যান্টাসি উপনাস্যের জগতে টোলকিনের এই উপন্যাসটির প্রভাব অনস্বীকার্য।
ফেইসবুক ব্যবহারকারীদের পছন্দের বইয়ের তালিকার চতুর্থ স্থানটিও দখল করে রেখেছে জে আর আর টোলকিনের লেখা আরেকটি উপন্যাস। দ্য হবিট প্রকাশিত হয়েছিল ১৯৩৭ সালের সেপ্টেম্বরে। দ্য লর্ড অফ দ্য রিংস’-এর গল্পের সঙ্গে রয়েছে এর যোগসূত্র। উপন্যাসটি ঘরকুনে হবিট বিলবো ব্যাগিনসের রোমাঞ্চকর অভিযান নিয়ে। হলিউডের রূপালি পর্দাতেও সফল টোলকিনের উপন্যাস দুটি।
ব্রিটিশ সাহিত্যিক জেন অস্টিনের এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৮১৩ সালে। ১৯ শতকের প্রথমদিকে যুক্তরাজ্যের উচ্চশ্রেণির আচার-ব্যবহার, নৈতিকতা, দৈনন্দিন জীবনযাত্রা এবং এসবের সঙ্গে মূল চরিত্র এলিজাবেথ বেনেটের মোকাবেলা নিয়েই তৈরি হয়েছিল উপন্যাসটির ঘটনাপ্রবাহ। জনপ্রিয় বইয়ের একাধিক তালিকায় প্রথম সারিতে মিলবে বইটির নাম।
র্ধমগ্রন্থটিকে অনেকেই রেখেছেন নিয়মিত পড়া হয় বা জীবনে বড় প্রভাব রেখেছে এমন বইয়ের তালিকায়।
৭. দ্য হিচহাইকারস গাইড টু দ্য গ্যালাক্সি
ফ্যান্টাসি আর উনিশ বা বিশ শতকে লেখা বইয়ের ভিড়ে ব্যতিক্রম ‘দ্য হিচহাইকারস গাইড টু দ্য গ্যালাক্সি’। ডগলাস অ্যাডামস এর এই কমেডি সায়েন্স ফিকশন সিরিজের সূচনা মূলত ১৯৭৮ সালের বিবিসি রেডিও ৪ এর কমেডি অনুষ্ঠান হিসেবে। পাঁচ খণ্ডের উপন্যাস ছাড়াও একটি মঞ্চ অনুষ্ঠান, কম্পিউটার গেইম, টেলিভিশন সিরিজ ও কমিক বইও তৈরি হয়েছে এর ভিত্তিতে।
২০০৮ সালে প্রকাশিত এই সায়েন্স ফিকশন উপন্যাসটির লেখিকা সুজান কলিনস। হাঙ্গার গেইমসের পটভূমি গড়ে উঠেছে কাল্পনিক রাষ্ট্র ‘পানেম’-কে কন্দ্রে করে। দ্যা হাঙ্গার গেইমস ট্রিলজির মূল চরিত্রে ১৬ বছর বয়সি ক্যাটনিস এভারডিন। হলিউডে সিনেমা বানানো হয়েছে এই উপন্যাসটি নিয়েও।
জে ডি সালিংগারের লেখা এই উপন্যাস প্রকাশিত হয় ১৯৫১ সালে। ‘দ্য ক্যাচার ইন দ্য রাই’ শুরুতে ছিল কেবলই প্রাপ্তবয়স্কদের জন্য। অনেকের মতেই বিতর্কিত এক উপন্যাস এটি। বিশ্বের প্রায় সবগুলো প্রচলিত ভাষাতেই মুদ্রিত হয়েছে উপন্যাস, প্রতি বছর বিক্রি হয় প্রায় আড়াই লাখেরও বেশি কপি।
ফেইসবুক ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বইয়ের শীর্ষ দশটির মধ্যে দশ নম্বরেও আছে একটি ফ্যান্টাসি সিরিজ। আইরিশ সাহিত্যিক সি এস লুইসের লেখা ‘ক্রনিকলস অফ নার্নিয়া’ সিরিজে আছে ৭টি উপন্যাস। এই সিরিজকে বিবেচনা করা হয় শিশু সাহিত্যের ‘ক্লাসিক’ হিসেবে। ৪৭টি ভাষায় মুদ্রিত হয়েছে উপন্যাসটি, বিশ্বব্যাপী বিক্রি হয়েছে সিরিজের বইগুলোর ১০ কোটিরও বেশি কপি।
