২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধ দমনে গুগল গ্লাস

অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে থাকতে এবার প্রযুক্তির শরণাপন্ন হচ্ছেন দুবাইয়ের পুলিশ আর গোয়েন্দা কর্মকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যে গুগলের স্মার্টগ্লাস ‘গুগল গ্লাস’ বিলি করার সিদ্ধান্ত নিয়েছে দুবাইয়ের পুলিশ বিভাগ।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 05:09 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালের মধ্যে দুবাইয়ের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ‘স্মার্টেস্ট ইন দ্যা ওয়ার্ল্ড’ হিসেবে গড়ে তোলার লক্ষ নিয়ে কাজ করছে দুবাইয়ের পুলিশ বিভাগ। অপরাধীদের চিহ্নিত করতে স্মার্টগ্লাসগুলোতে থাকবে কাস্টমাইজড ফেসিয়াল রিকগনিশন সফটওয়ার।

শুরুতে প্রযুক্তিপণ্য ভক্তদের মধ্যে কৌতুহলের সৃষ্টি করতে পারলেও পরবর্তীতে ব্যাপক হারে সাড়া পায়নি গুগল গ্লাস। আর ১৫’শ ডলার দাম হওয়ায় সাধারণ ব্যবহারকারীদের অনেকেরই নাগালের বাইরে রয়ে গেছে ডিভাইসটি। 

এ ব্যাপারে দুবাই পুলিশের মহাপরিচালক কর্নেল খালিদ নাসের আল রাযুকি দুবাইভিত্তিক নিউজসাইট ‘সেভেন ডেইজ ইন দুবাই’-কে বলেন, “আমরা যে সফটওয়ার তৈরি করেছি সেটির মাধ্যমে ফেরারি আসামীদের ডাটাবেইজের সঙ্গে যোগাযোগ করতে পারবে গুগল গ্লাস। সন্দেহজনক লোকের চেহারা সনাক্ত করার সঙ্গে সঙ্গে পুলিশ কর্মকর্তাকে সতর্ক করে দেবে’।

অক্টোবরের ১২ তারিখে দুবাইয়ে অনুষ্ঠিত হবে জিআইটিইএক্স টেকনোলোজি উইক। সেখানেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ‘স্মার্টেস্ট ইন দ্য ওয়ার্ল্ড’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাবে দুবাইয়ের পুলিশ বিভাগ।