বেন্ডগেইটের পর এবার ‘গ্যাপগেইট’!
স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি নোট ৪ বাজারে আসতে না আসতেই অভিযোগ উঠেছে এর নির্মাণ খুঁত নিয়ে। স্মার্টফোনটির স্ক্রিন আর কেসিংয়ের মাঝখানে চোখে পরার মতো ফাঁক আছে বলে অভিযোগ করেছেন একাধিক ব্যবহারকারী।
দক্ষিণ কোরিয়ান প্রযুক্তিবিষয়ক সাইট আইটিটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, গ্যালাক্সি নোট ৪ এর স্ক্রিন আর কেসিংয়ের মাঝের ফাঁকটা এতই বড় যে অনায়াসে ঢুকে যাচ্ছে একটা বিজনেস কার্ড। এই নির্মাণ খুঁতের কারণে স্মার্টফোনটির ভিতরে ধুলা ও পানি ঢুকতে পারবে বলে জানিয়েছে সাইটটি।
আইফোন ৬ প্লাস বেঁকে যাওয়ার ঘটনাকে অনেকটা ঠাট্টার ছলেই নাম দেওয়া হয়েছিল ‘বেন্ডগেইট’। তার সঙ্গেই মিল রেখে এবার গ্যালাক্সি নোট ৪ নিয়ে অভিযোগকে অবিহিত করা হচ্ছে ‘গ্যাপগেইট’ নামে।
তবে স্বল্পসংখ্যক গ্যালাক্সি নোট ৪-এ এই দুর্বলতা চোখে পরেছে বলেই জানিয়েছে আইটিটুডে। নতুন স্মার্টফোনের এই দুর্বলতার ব্যাপারে জানা আছে স্যামসাংয়েরও। তবে আপাতত অভিযোগ উপেক্ষা করেই যাচ্ছে দক্ষিণ কোরিয়ার এই ইলেকট্রনিক্স জায়ান্ট।
“যে অভিযোগগুলো তোলা হচ্ছে তা গ্যালাক্সি নোট ৪-এর কার্যক্ষমতা বা গুণগত মানে কোনো প্রভাব ফেলবে না। ক্রেতাদের আমরা এটা নিশ্চিত করতে চাই যে বাজারের প্রতিটি গ্যালাক্সি নোট ৪ আমাদের নির্মাণ মান বজায় রেখেই তৈরি।”--বলেছেন স্যামসাংয়েল এক মুখপাত্র।
