‘সোনালি’ রঙে আইপ্যাড
নতুন আইফোনের বিক্রি বাড়লেও হ্রাস পাচ্ছে আইপ্যাডের ব্রিক্রি। বিক্রি বাড়াতে এবার তাই সোনালি রঙের কেসিংয়ের আইপ্যাড বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।
ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, অক্টোবর মাসেই বাজারে আসবে সোনালি কেসিংয়ের ৯.৭ ইঞ্চির আইপ্যাড। অ্যাপল ডিভাইসে সোনালি রঙের কেসিং নতুন কিছু নয়। প্রযুক্তিপণ্যের বাজারে ভালো সাড়া পেয়েছিল সোনালি কেসিংয়ের আইফোন ৫এস। আর মুক্তির অপেক্ষায় থাকা অ্যাপল ওয়াচের কেসিং তৈরিতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেট স্বর্ণ।
এর আগে ২০১০ সালে শৌখিন গ্যাজেট ডিজাইনার স্টুয়ার্ট হিউস স্বর্ণ ও হীরাখচিত আইপ্যাডে তৈরি করেছিলেন।
শেষ কয়েক প্রান্তিকে ধীর গতিতে হলেও কমে এসেছে আইপ্যাডের বিক্রির পরিমাণ। তবে মার্কিন বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান গার্টনার এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী বছরগুলোতে ধীরে গতিতে হলেও বড় হবে ট্যাবলেট কম্পিউটারের বিশ্ববাজার।
