অবশেষে ‘অ্যাপল ওয়াচ’!
টানা কয়েক মাসের জল্পনা-কল্পনা, লাগাম ছাড়া গুজব আর কৌতুহলের অবসান ঘটালো অ্যাপল। স্যান ফ্রান্সিসকোর ফ্লিন্ট সেন্টারের যে মঞ্চে ম্যাক কম্পিউটার উন্মোচন করেছিলেন স্টিভ জবস, সেখানেই অ্যাপলের ইতিহাসে বহুপ্রতিক্ষিত ‘স্মার্ট ওয়াচ’ অধ্যায়ের সূচনা করলেন টিম কুক। সঙ্গে আরও ছিল নতুন দুই আইফোন।
হ্যাঁ, বাজারের চলতি গুজবগুলোর প্রায় সবগুলোই সত্যি হয়েছে আইফোনের ক্ষেত্রে। একসঙ্গে অভিষেক হয়েছে নতুন দুই মডেলের। আইফোন ৬-এ আছে ৪.৭ ইঞ্চির স্ক্রিন। আর ৫.৫ ইঞ্চি স্ক্রিনের আইফোন ৬ প্লাসকে ফ্যাবলেট বলা চলে অনায়াসে।
তবে অ্যাপল ওয়াচের কাছে যেন হার মেনেছে নতুন দুই আইফোন। “অ্যাপলের স্মার্টওয়াচটা দেখে মনে হচ্ছে জেমস বন্ডের হাতেই মানাবে এটা।”-- মন্তব্য করা হয়েছে এবিসি নিউজের এক প্রতিবেদনে।
একটি-দুটি নয়, এক সঙ্গে তিনটি মডেলের আইওয়াচ দেখিয়ে সোজা কথায় চোখ ছানাবড়া করে দিয়েছেন অ্যাপল প্রধান টিম কুক। ‘অ্যাপল ওয়াচ’, ‘অ্যাপল ওয়াচ স্পোর্ট’ এবং ‘অ্যাপল ওয়াচ এডিশন’ এই স্মার্টওয়াচগুলো পাওয়া যাবে দুটি সাইজের কেসিংয়ে।
এর মধ্যে আছে ১৮ ক্যারেটের সোনায় মোড়ানো কেসিংয়ের অ্যাপল ওয়াচও। ওয়াকি-টকি, ড্রয়িং প্যাড, পালস মনিটর, ক্যালরি কাউন্টার, অ্যাক্টিভিটি ট্র্যাকারের মতো ফিচারগুলো তো আছেই। স্মার্টওয়াচগুলোর স্ট্র্যাপেও অ্যাপল এনেছে নতুনত্ব। রাবার স্ট্র্যাপ থাকবে অ্যাপল ওয়াচ স্পোর্টে। ‘অ্যাপল ওয়াচ এডিশন’-এর স্ট্র্যাপটি হবে চামড়ার। আর স্টেইনলেস স্টিলের স্ট্র্যাপ থাকবে অ্যাপল ওয়াচ এর মূল মডেলটিতে।
অ্যপল ওয়াচের দাম ধরা হয়েছে ৩৪৯ ডলার। পাওয়া যাবে ২০১৫ সাল থেকে।
