অ্যাপল ইভেন্ট নিয়ে শেষ মুহুর্তের গুজব
মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের জন্য এক রকম বার্ষিক রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে প্রতিবছর সেপ্টেম্বর মাসে নতুন আইফোন উন্মোচন। সেপ্টেম্বর আসার কয়েক মাস আগে থেকেই শুরু হয় নতুন আইফোন নিয়ে নানা জল্পনা-কল্পনা আর গুজবের জোয়ার। ক্ষেত্র বিশেষে আসল পণ্যটি উন্মোচনের আগেই দেখা যায় ক্রেতা আর ভক্তদের মুখে মুখে নতুন আইফোনের নানা ফিচার।
তবে এবার দৃশ্যটা একটু হলেও ভিন্ন। সম্ভাব্য আইফোন সিক্স নিয়ে উৎসাহ-উদ্দীপনা আর কৌতুহল তো আছেই। তবে তাতে নতুন মাত্র যোগ করেছে ‘আইওয়াচ’। অ্যাপল স্মার্টওয়াচ বানাচ্ছে এই গুজব নতুন নয়। তবে ৯ সেপ্টেম্বরের ইভেন্টন্টি আলাদা গুরুত্ব পাচ্ছে তথাকথিত ‘আইওয়াচ’-এর কারণেই। পুরো প্রযুক্তি জগতকে নতুন পণ্য দিয়ে চমকে দেওয়ার পুরানো রেকর্ড আছে অ্যাপলের। সবকিছু মিলিয়ে ৯ সেপ্টেম্বরের ইভেন্টটি নিয়ে অ্যাপল ভক্ত, প্রযুক্তি বোদ্ধা আর সমালোচদের মধ্যে প্রত্যাশার পরিমাণটা এবার আকাশচুম্বী।
আবারও দুই আইফোন!: ২০১৩ সালের সেপ্টেম্বরে এক সঙ্গে আইফোন ফাইভএস এবং ফাইভসি উন্মোচন করেছিল অ্যাপল। এবারও গুজব রয়েছে এক সঙ্গে দুটি আইফোন উন্মোচন করবে প্রতিষ্ঠানটি। তবে প্রযুক্তি বাজারে চলতি গুজব নতুন আইফোনের মধ্যে ‘সস্তা’ হবে না কোনোটাই।
দুই আইফোনই হবে পুরানো মডেলগুলো থেকে বড় স্ক্রিনের। বিভিন্ন সাইটে ফাঁস হওয়া ছবি অনুযায়ী যথাক্রমে ৪.৭ ইঞ্চি এবং ৫.৫ ইঞ্চি ডিসপ্লে থাকবে দুটি স্মার্টফোনে। থাকবে আরও শক্তিশালী চিপসেট, বাড়বে ডিসপ্লে রেজুলিউশন, ক্যামেরা হবে আরও শক্তিশালী। আর প্রত্যাশার বড় একটা অংশ জুড়ে আছে স্যাফায়ার গ্লাসের ডিসপ্লে।
প্রযুক্তি বাজারে চলতি গুজব অনুযায়ী ৫.৫ ইঞ্চি ডিসপ্লের আইফোনটির মডেল নেইম হবে ‘আইফোন সিক্সএল’। তবে ৪.৭ ইঞ্চির মডেলটির থেকে এর দাম কতটা বেশি হবে প্রশ্ন এখন সেটাই!
ডেভেলপারদের জন্য অ্যাপল আইওএস ৮ অপারেটিং সিস্টেম উন্মোচন করেছে জুন মাসে। সম্ভবত প্রিইনস্টলড ওএস হিসেবে নতুন আইফোনে থাকবে আইওএসের নতুন ভার্সনটি। আইফোন ফোরএস এবং পরবর্তী মডেলের আইফোন ব্যবহারকারীরা ওএসটি ডাউনলোড করতে পারবেন ১৭ সেপ্টেম্বর থেকেই।
উৎসাহ-উদ্দীপনার কেন্দ্রে আইওয়াচ: ফ্লিন্ট সেন্টারের ইভেন্ট নিয়ে যত আলোচনা, তার সব কিছুর কেন্দ্রেই এবার আইওয়াচ। কেউ ধারণা করছেন নতুন আইফোনের সঙ্গে একই দিনে বিক্রি শুরু হবে আইওয়াচের। কেউবা বলছেন, এক সঙ্গে নয় কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে অ্যাপলের স্মার্টওয়াচের জন্য। যাই হোক না কেন, ফ্লিন্ট সেন্টারের অনুষ্ঠানেই যে অ্যাপলের স্মার্টওয়াচের অভিষেক ঘটছে তা এখন অনেকটা নিশ্চিতই বলা চলে।
অনুষ্ঠান উপলক্ষ্যে শুধু প্রযুক্তি জগতের মানুষরাই দাওয়াত পাননি অ্যাপলের কাছ থেকে। আমন্ত্রিদের তালিকায় আছেন ফ্যাশন জগতের রথী মহারথীরা। ফলে ধারণা করা হচ্ছে, কেবল আইফোনের আনুসাঙ্গিক গ্যাজেট হিসেবে নয়, বরং হাল ফ্যাশনের অংশ হিসেবে অ্যাপল ডিভাইসটি ডিজাইন করেছে। আর এর প্রমাণ গত দুই বছরের অ্যাপলের বিভিন্ন পদক্ষেপই। গত দুই বছরে প্রতিষ্ঠানটিতে নিযোগ পেয়েছেন ফ্যাশন জগতের শীর্ষ ডিজাইনার এবং নির্বাহীরা।
অ্যাপলের স্মার্টওয়াচটি স্ক্রিন হবে বাঁকানো, কিনতে পাওয়া যাবে দুটি ভিন্ন আকারে, আর একবারের চার্জে ডিভাইসটি কয়েক দিন চলবে, চলতি গুজবগুলো ইঙ্গিত করছে এমনটাই। ডিভাইসটি নিয়ে শুরুর দিকে ফাঁস হওয়া বিভিন্ন তথ্য অনুযায়ী ব্যবহারকারীর স্বাস্থ্যের উপর নজরদারি করতে ডিভাইসটিতে থাকবে বিভিন্ন সেন্সর।
ফ্লিন্ট সেন্টারের ইভেন্টে আইওয়াচ উন্মোচন করেই হয়তো আইফোন আর জুন মাসের ওয়ার্ল্ড ওয়াইড মোবাইল কংগ্রেস (ডব্লিউডব্লিউডিসি)-তে দেখানো হেলথ অ্যাপের মধ্যেকার শূন্যস্থানটা পূরণ করবে অ্যাপল।
সাইবার সিকিউরিটি ইসু এবং অন্যান্য: হলিউডি সেলিব্রেটিদের নগ্ন ছবি ফাঁস হওয়ার সাম্প্রতিক ঘটনায় বেশ বিপাকে পরেছে অ্যাপল। ওই ঘটনার জন্য ক্লাউডস্টোরেজ ‘আইক্লাউড’-এর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা দায়ী নয় বলে দাবি করছে অ্যাপল। তারপরও সমালোচনা থেকে রেহাই পাচ্ছে না প্রতিষ্ঠানটি। সমালোচনার মুখে কড়াকড়ি আরোপ করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থায়।
আশা করা হচ্ছে, ফ্লিন্ট সেন্টারের ইভেন্টেই সাম্প্রতিক ‘সিকিউরিটি ইস্যু’ নিয়ে মুখ খুলবেন টিম কুক। ব্যবহারকারীদের ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রতিজ্ঞা আগেই করেছিলেন কুক। সেই প্রতিজ্ঞা রক্ষা করতে কুক নতুন কোনো পদক্ষেপ নেন কি না সেটাই দেখার বিষয় এখন।
অন্যদিকে অডিও পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘বিটস’ কিনে নেওয়ার পর এটাই অ্যাপলের প্রথম কোনো অনুষ্ঠান। অ্যাপলের অংশ হিসেবে বিটসের একেবারেই নতুন কোনো পণ্য বা সেবা উন্মোচনের জন্য যথেষ্ট সময় যে পার হয়নি সেটা বলাই বাহুল্য। তারপরও অ্যাপল এক্সিকিউটিভরা বিটসকেন্দ্রিক নতুন কোনো পণ্য/সেবা নিয়ে মুখ খুললেও খুলতে পারেন।
তবে ফ্লিন্ট সেন্টারে অ্যাপল যদি একসঙ্গে ১০টি নতুন পণ্য বা সেবা উন্মোচন করে তবুও আলোচনার মূলে থাকবে নতুন আইফোন আর আইওয়াচ। প্রযুক্তির ইতিহাসের পাতায় ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর দিনটির উল্লেখ থাকবে একটি বিশেষ দিন হিসেবে। যে দিনটিতে ‘ফ্যাবলেট’ জোয়ারে নাম লিখিয়েছিল কুপার্টিনোর টেক জায়ান্ট অ্যাপল। যে দিনটিতে পরিধানযোগ্য প্রযুক্তি পণ্য বা ‘ওয়্যারেবল ডিভাইস’-এর বাজারে অভিষেক ঘটেছিল প্রযুক্তি জগতে বিপ্লব ঘটানো প্রতিষ্ঠানটির।
