২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ বছরে গ্রিনহাউস গ্যাসের রেকর্ড

বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের মাত্রা ক্রমশ বাড়ছে। নতুন এক গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ১৯৮৪ সালের পর ২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধির হার ছিল সবচেয়ে বেশি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 07:24 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

ওয়ার্ল্ড মিটিওরোলজিকাল অর্গানাইজেশান (ডব্লিউএমও)-এর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল ‘৩৯৬ পার্টস পার মিলিয়ন’(পিপিএম), যা গত বছরের তুলনায় ৩ পিপিএম বেশি। ডব্লিউএমও এর মহাসচিব মাইকেল জারুড জানান, বিগত ৩০ বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত দ্রুত বৃদ্ধির নজির আর নেই।

শিল্প বিপ্লব শুরু হওয়ার আগে, ১৭৫০ সালে বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ যা ছিল, বর্তমানে বায়মণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তার ১৪২ শতাংশ। ডব্লিউএমও এর প্রতিবেদন অনুযায়ী ১৯৯০ সাল থেকে ২০১৩ সালের মধ্যে কার্বন-ডাই-অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইডের মত গ্যাস এর কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়েছে ৩৪ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, সাগরে প্রতিদিন জনপ্রতি ৪ কেজি কার্বন-ডাই-অক্সাইড শোষিত হচ্ছে যা গত ৩০ কোটি বছরে নজিরবিহীন। এজন্য জরুরীভিত্তিতে এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিত বলে মন্তব্য করেন মাইকেল জারুড।