২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য প্রযুক্তির মেঘ – ক্লাউড ড্রাইভ

সহজভাবে প্রযুক্তিজগতের ক্লাউড হল এমন একটি ‘জায়গা’ যেখানে বিভিন্ন তথ্য রেখে দেয়া যায় এবং ইন্টারনেটের মাধ্যমে তা ব্যবহার করা যায়। সফটওয়্যার, মেইল, ছবি, ভিডিওসহ বিভিন্নরকম ফাইল বা তথ্য ক্লাউডে সংরক্ষণ সম্ভব। বর্তমানে অনেক প্রতিষ্ঠান আছে যারা ক্লাউড ড্রাইভের সুবিধা প্রদান করে থাকে। এদের মধ্যে আইক্লাউড, ড্রপবক্স, গুগল ড্রাইভ, ইয়াহু মেইল, মাইক্রোসফট অফিস ৩৬৫ উল্লেখযোগ্য। এ বিষয়ে বিস্তারিত এক প্রবন্ধে জানিয়েছে মার্কিন সংবাদসংস্থা সিএনএন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শাহরিয়ার হাসান পরশ, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 04:12 PM

Updated : 25 Apr 2022, 04:39 PM

ছবি বা ভিডিও শেয়ারিং কিংবা গেইম খেলা অথবা সফটওয়ারের মাধ্যমে কাজ করার ক্ষেত্রে ক্লাউড ড্রাইভের ব্যবহার উপকারী। কেবল ইন্টারনেট কানেকশন থাকলে যেকোনো জায়গায় যেকোনো ডিভাইসের সাহায্যে কাজ করা সম্ভব। ক্লাউড স্টোরেজের ব্যবহার তথ্য হারানো কিংবা নষ্ট হয়ে যাওয়া থেকেও নিরাপত্তা দেয়। উদাহরণ হিসেবে বলা যায় ‘গুগল প্লাস ফটোস’ এর অটো ব্যাকআপের কারণে আপনার ডিভাইসটি অকেজো হয়ে গেলেও ছবি হারানোর ভয় থাকে না।

কেবলই নিজস্ব ছবি, ভিডিও কিংবা গেইমস নয়, ক্লাউডে একজন ব্যবহারকারীর বিভিন্ন দরকারি তথ্যও থাকে। ক্লাউড ড্রাইভে একজন ব্যাক্তির চিকিৎসা সম্পর্কিত তথ্য থেকে শুরু করে বীমার দরকারি দলিল এবং সোশাল মিডিয়ার বিভিন্ন তথ্য জমা থাকে।

ক্লাউডে প্রচুর ব্যক্তিগত তথ্য থাকার কারণে ক্লাউড ব্যবহার আতংকের বিষয়ও হতে পারে। একটি পাসওয়ার্ড কতটুকু নিরাপদ সে ব্যাপারেও উঠতে পারে প্রশ্ন। অধিকাংশ ক্লাউড সেবাদাতারই রয়েছে যথেষ্ট ভালো নিরাপত্তা ব্যবস্থা।কিন্তু সাম্প্রতিক অ্যাপলের আইক্লাউড থেকে ছবি বেহাত হওয়া নিয়ে নিরাপত্তার প্রশ্ন উঠেছে।

ক্লাউড ব্যবহার থেকে দূরে থাকা বর্তমান সময়ে আসলে সম্ভব নয়। চাকুরী ক্ষেত্রে ক্লাউডের ব্যবহার অপরিহার্য। মাইক্রোসফট উইন্ডোজের কিছু ফিচার ব্যবহার করতে চাইলে ক্লাউড ড্রাইভ ব্যবহার করতেই হবে। ক্লাউড ড্রাইভে সংরক্ষিত তথ্যের পরিমাণও নেহাত কম নয়। কেবল অ্যাপলের আইক্লাউড ব্যবহারকারীই আছেন ৩২ কোটি। এছাড়া ফেইসবুকে প্রতিদিন আপলোড হওয়া ছবির পরিমাণ ৪০০ বিলিয়নের বেশী।

বর্তমানে ক্লাউড ড্রাইভের ব্যবহার এতই বেশি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মোট বিদ্যুতের প্রায় ২ শতাংশ ব্যবহার করে ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে ১০০ বিলিয়ন ডলার ব্যবসা করেছে। ভবিষ্যতেও এসব কোম্পানিগুলোর প্রায় ২.১ ট্রিলিয়ন বিনিয়োগের সম্ভাবনা আছে বলে জানা গেছে। গার্টনারের মতে, “ক্লাউড মেঘের মত একটি ব্যাপার হলেও এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাড়িয়েছে”।