নিরাপত্তা বাড়ছে আই-ক্লাউডের
আই-ক্লাউডের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করতে যাচ্ছে অ্যাপল। আই-ক্লাউড থেকে সাম্প্রতিক সেলিব্রিটি ফটো লিকের মত ঘটনার পুনরাবৃত্তি রুখতেই এই পদক্ষেপ নিচ্ছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন নিরাপত্তা ব্যবস্থাগুলো কার্যকর করার ঘোষণা দিয়েছেন অ্যাপলের সিইও টিম কুক। তবে প্রযুক্তিগত নিরাপত্তার পাশাপাশি ব্যবহারকারীদেরও এবিষয়ে সচেতন হবার উপদেশ দিলেন তিনি।
নতুন নিরাপত্তা ব্যবস্থাগুলোর মধ্যে থাকছে লগ-ইন নোটিফিকেশন এবং দুই-পর্যায়ের অথেনটিফিকেশন ব্যবস্থা। নতুন কোনো ডিভাইস থেকে আই-ক্লাউড অ্যাকাউন্টে লগ-ইন করলে বা করতে চাইলে নোটিফিকেশন যাবে মূল ডিভাইসে। এছাড়াও পাসওয়ার্ড পরিবর্তন করলেও ব্যবহারকারীকে নোটিফিকেশন পাঠাবে আই-ক্লাউড।
নোটিফিকেশনটি থেকে দুটি পদক্ষেপ নিতে পারবেন ব্যবহারকারীরা। প্রথমত তাৎক্ষণিক পাসওয়ার্ড পরিবর্তন, দ্বিতীয়ত অ্যাপলের নিরাপত্তা দলকে বিষয়টি জানানো, জানিয়েছে অ্যাপলের সংবাদভিত্তিক তৃতীয়পক্ষীয় সাইট ম্যাকরিউমার্স।
তবে নতুন এই নিরাপত্তা ব্যবস্থাগুলোর কার্যকারীতা নিয়ে সংশয় প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইটগুলো। ম্যাশএবলের মতে, আই-ক্লাউড অ্যাকাউন্টে সন্দেহজনক লগ-ইনের নোটিফিকেশন ব্যবহারকারীকে সতর্ক করছে ঠিকই কিন্তু তা হ্যাকারদের ঠেকাতে পারছে না।
