তেজস্ক্রিয় বর্জ্য পোড়াবে হিটাচি
ক্ষতিকর নিউক্লিয়ার বর্জ্য শোধনের জন্য বিশেষ ধরনের রিঅ্যাক্টর আনার ঘোষণা দিয়েছে জাপানি ইলেক্ট্রনিক জায়ান্ট হিটাচি। সাধারণ অবস্থায় নিউক্লিয়ার বর্জ্য কয়েক হাজার বছর পর্যন্ত যেকোনো প্রাণির জন্য ক্ষতিকর অবস্থায় থাকতে পারে। প্রযুক্তিবিষয়ক সাইট গিজম্যাগ সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের তিন শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এমআইটি, ইউনিভার্সিটি অফ মিশিগান এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলের সঙ্গে যৌথভাবে রিঅ্যাক্টর ডিজাইনের কাজ করছে হিটাচি।
রিঅ্যাক্টর নির্মাণ শেষ হলে এর মাধ্যমে নিউক্লিয় বর্জ্য থেকে তেজস্ক্রিয় উপাদানগুলো আলাদা করে জ্বালানী উৎপাদন হবে। যেসব তেজস্ক্রিয় পদার্থের পারমাণবিক সংখ্যা ৯২ এর বেশী তাদের অর্ধায়ু অনেক কম হয়। কিছু কিছু ক্ষেত্রে তা এক মিনিট বা কয়েক সেকেন্ডও হতে পারে। যার কারণে এ ধরনের পদার্থ সাধারণত তাড়াতাড়িই ‘আউটবার্ন’ হয়। কিন্তু কিছু মৌল যেমন প্লুটোনিয়ামের অর্ধায়ু অনেক দীর্ঘ হয়। এ ক্ষেত্রে অর্ধায়ু কয়েক হাজার বছর, এমনকি কোটি বছরও হতে পারে। এ ধরনের মৌল সংরক্ষণ করে রাখা একটি দুরূহ কাজ। আর এই সমস্যাই হিটাচিকে প্রলুব্ধ করেছে নতুন বর্জ্য শোধন চুল্লির কথা ভাবতে।
নতুন এই চুল্লির জন্য কম খরচের জ্বালানীর কথা ভাবছেন গবেষকরা। নতুন এ চুল্লীতে গরম পানির স্রোত ব্যবহার করা হবে। আর চুল্লীতে তেজস্ক্রিয় বর্জ্য শোধনের পর তা থেকেও জ্বালানী পাওয়া যাবে। তেজস্ক্রিয় পদার্থের ক্ষতি থেকে ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে এই যৌথ প্রজেক্ট শুরু হয়েছিল ২০০৭ সালে আর এখন প্রজেক্টের ফলাফল পরীক্ষা এবং পরবর্তী ধাপ কার্যকর করার সময় এসেছে বলে জানিয়েছে হিটাচি।
