গুগল ড্রাইভ নিরাপদ রাখতে
সম্প্রতি পশ্চিমা তারকাদের আইক্লাউড অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর ওয়েবে ব্যাক্তিগত ছবি বা ফাইল ব্যাকআপ রাখার ব্যাপারে দুশ্চিন্তায় অনেক ব্যবহারকারীই। সম্প্রতি জনপ্রিয় প্রযুক্তি ব্লগ টেক রিপাবলিক এমন কিছু পদ্ধতির কথা জানিয়েছে, যেগুলো অনুসরণ করলে খুব সহজেই নিশ্চিত করা যাবে গুগল ড্রাইভ অ্যাকাউন্টের নিরাপত্তা। আসুন দেখে নেই উপায়গুলো-
টু-স্টেপ ভেরিফিকেশন
টু-স্টেপ ভেরিফিকেশনকে একটি কার্যকর নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দেখা হয়। গুগল অ্যাকাউন্টে লগ ইন করার পর ‘সেট আপ ইওর ফোন’ অপশনের ‘হুইচ ফোন শুড উই সেন্ড কোডস টু?’ বক্সে মোবাইল নাম্বার দেয়ার পর, মোবাইল ফোনে একটি ভেরফিকেশন কোড এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে। ঐ ভেরিফিকেশন কোড দিয়ে গুগল ড্রাইভ অ্যাকাউন্ট এ প্রবেশ করা যাবে।
এনক্রিপশন অ্যাপ ব্যবহার
এনক্রিপশন অ্যাপ এর মাধ্যমে ফাইলগুলোকে এনক্রিপটেড অবস্থায় রাখা যায়। ফাইলগুলো গুগল ড্রাইভে থাকলে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে এনক্রিপ্ট করা যাবে। প্রয়োজনের সময় এনক্রিপশন অ্যাপ্লিকেশন এ গিয়ে পাসওয়ার্ড এর সাহায্যে ফাইলগুলো দেখা যাবে। ক্লিক করার পর পর স্বয়ংক্রিয়ভাবে ফাইলগুলো ডিক্রিপটেড হবে এবং বন্ধ করার পর পুনরায় এনক্রিপটেড হবে।
ওয়ারলেস নিরাপত্তা
নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত না হয়ে কোনো ওয়ারলেস নেটওয়ার্ক দিয়ে গুগল ড্রাইভ অ্যাকাউন্টে প্রবেশ করা উচিত নয়। এমন যেকোনো নেটওয়ার্কের আওতায় গেলে বরং ডিভাইসের ওয়াই-ফাই বন্ধ করে রাখা উচিত। এমনকি অনেক সময় অনলাইন শপিং, ব্যাংকিংয়ের সময়ও ডেটা ট্রান্সফারের আশঙ্কা থাকে বলে এক্ষেত্রেও সতর্ক থাকা উচিত।
অ্যাপ পারমিশন চেক করা
অনেক অ্যাপ ইনস্টল করার সময় তা ব্যবহারকারীর ডিভাইসে প্রবেশ করার অনুমতি চায়। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহারকারীরা এ সম্পর্কে কিছু না পড়েই অনুমতি দিয়ে দেন। কিন্তু এতে করে গুরুত্বপূর্ণ ফাইলগুলো অরক্ষিত হয়ে পরে। ইনস্টল করা অ্যাপগুলোর ক্ষেত্রে কি কি অনুমতি দেওয়া করা হয়েছে তা দেখতে accounts.google.com লিঙ্কে প্রবেশ করতে হবে। তারপর ‘service/app/device’ অপশনে উপায়ে গিয়ে ‘Revoke access’ এ ক্লিক করতে হবে।
সতর্কতার সঙ্গে শেয়ার করুন
গুগল ড্রাইভ এত সহজে ফাইল শেয়ার করে যে, মাঝে মাঝে তা অ্যাকাউন্টের ফাইলগুলোকে অরক্ষিত করে ফেলে। নিচের ধাপগুলো মেনে চলে এ বিষয়ে সতর্ক থাকা যায়-
- শুধু বিশ্বস্তদের সঙ্গেই ফাইল শেয়ার করুন।
- অ্যান্ড্রয়েড গুগল ড্রাইভ ক্লায়েন্ট এর মাধ্যমে ফাইল শেয়ার করতে হবে।
- শেয়ারের সময় সাব ফোল্ডারগুলো আলাদা শেয়ার করতে হবে। মেইন ফোল্ডার শেয়ার করা থেকে বিরত থাকা উচিত।
- প্রয়োজন শেষে ফাইলের শেয়ার প্রত্যাহার করতে হবে।
সবশেষে, অবশ্যই গুগল ড্রাইভ অ্যাকাউন্ট থেকে লগ আউট করে বের হওয়া উচিত। এভাবে ব্যবহারকারীরা তাদের ফাইলের নিরাপত্তার ক্ষেত্রে নিশ্চিত থাকতে পারবেন।
