শঙ্কা আইক্লাউড নিরাপত্তা নিয়ে
সম্প্রতি এক’শ হলিউডি অভিনেত্রীর নগ্ন ছবি ফাঁস হওয়ার ঘটনায় বেশ বড় গ্যাড়াকলে পরেছে মার্কিন টেকজায়ান্ট অ্যাপল। নিজেদের তদন্ত শেষে প্রতিষ্ঠানটির দাবি- আইক্লাউডের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে নয়, বরং অভিনেত্রীদের পাসওয়ার্ডের দুর্বলতার কারণেই ছবি চুরি করতে সফল হয়েছিল হ্যাকাররা। কিন্তু তারপরও ক্লাউড নেটওয়ার্কের নিরাপত্তা নিয়ে শঙ্কিত প্রযুক্তি বিশেষজ্ঞরা।
বিবিসি জানিয়েছে, সেলিব্রেটিদের ছবি ফাঁস হওয়ার ঘটনার শুরু থেকেই আইক্লাউড নিয়ে সমালোচনার মুখে পরেছে অ্যাপল। অ্যাপলের ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ ব্যবস্থাও প্রচলিত সফটওয়্যার দিয়েই পাশাকাটিয়ে আইক্লাউড ব্যাকআপে অনুপ্রবেশ করা সম্ভব বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা।
বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে অ্যাপল।
“এটা ঘরের সামনের দরজায় দুবার তালা দিয়ে জানালা খুলে রাখার মতো অবস্থা”- মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অফ সারের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ প্রফেসর অ্যালান উডওয়ার্ড।
সাম্প্রতিক ঘটনা প্রবাহে আলোচনার কেন্দ্রে চলে এসেছে রাশিয়ান সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এলকমসফট। প্রতিষ্ঠানটির তৈরি একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই বিভিন্ন আইক্লাউড অ্যাকাউন্টে অনুপ্রবেশ করা সম্ভব বলে আলোচনা চলছে হ্যাকারদের বিভিন্ন ডিসকাশন গ্রুপ ও ফোরামে।
বিবিসি জানিয়েছে এলকমসফটের ওই সফটওয়্যারের মূল ক্রেতা বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী। সফটওয়্যারটি ব্যবহার করে আইপ্যাড বা আইফোনের মতো অ্যাপল ডিভাইস ছাড়াও আইক্লাউড কন্টেন্ট অ্যাকসেস করা সম্ভব।
সফটওয়্যারটি নির্মাতা মস্কোর কম্পিউটার প্রোগ্রামার ভ্লাদিমির কাতালভের মতে আইক্লাউড অ্যাকাউন্ট অ্যাকসেস করার ক্ষমতা আছে এমন সফটওয়্যারের মধ্যে কেবল একটি সফটওয়্যারই এলকমসফট বানিয়ে থাকে। তবে এলকমসফটের সফটওয়্যারটি একাজে হ্যাকাররা ব্যবহার করেছির কি না সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি কাতালভ।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের অনেকের মতে অ্যাপলের ‘টু-স্টেপ ভেরিফিকেশান’ কেবল ক্রেডিট কার্ড অ্যাকাউন্টের হ্যাকিং ঠেকাতেই কার্যকর। ব্যক্তিগত ফটোর মতো কন্টেন্টের জন্য কার্যকর নয় এটি।
ক্যাসপারস্কি ল্যাবের ডেভিড এমের মতে, “অ্যাপলের দুর্গে একাধিক দুর্বল জায়গা আছে, সহজেই যার সুযোগ নেওয়া সম্ভব।”
অ্যাপল সাইবার নিরাপত্তার ইস্যুটি যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিচ্ছে না বলেও মন্তব্য করেছেন তিনি।
