যে কারণে অ্যাপ বাতিল করে অ্যাপল
অনেক ডেভেলপারের বানানো অ্যাপই অ্যাপল-এর কাছ থেকে অনুমোদন পায় না। অ্যাপলের নীতিমালা মেনে অ্যাপ বানিয়ে জমা দেওয়ার পরেও বাতিল হয়ে যায় অনেকগুলোই। গেল অগাস্টের শেষ সপ্তাহে অ্যাপল এই অ্যাপগুলোর বাতিল হয়ে যাওয়ার পেছনের কারণগুলো প্রকাশ করেছে।
একজন ডেভেলপার আইটিউনস অ্যাপস্টোরে নতুন কোনও অ্যাপ সাবমিট করার পর সেটা ম্যানুয়ালি পরীক্ষা করে দেখে অ্যাপল। আর সবসময়ই কাজটা সূক্ষতার সঙ্গেই করেন তারা। এর মধ্যে আছে পরীক্ষা নীরিক্ষা ও বাতিল করণ।
ডেভেলপারদের জন্য ব্যাপারটি পরিষ্কার করতে অ্যাপ বাতিল করার প্রধান ১০টি কারণ নিজস্ব ডেভেলপার্স সাইটে জানিয়েছে কুপার্টিনোর প্রযুক্তি জায়ান্ট।
ডেভেলপার্স সাইটে অ্যাপ বাতিল করার যে ১০টি কারণ দিয়েছে, সেগুলো হল:
- যথেষ্ট তথ্যের অভাবে বাতিল করে দেওয়া হয় শতকরা ১৪ শতাংশ অ্যাপ।
- অ্যাপে বাগ থাকায় বাতিল হয় ৮ শতাংশ।
- ডেভেলাপার প্রোগ্রাম লাইসেন্স এগ্রিমেন্ট মেনে না চলায় ৬ শতাংশ অ্যাপ বাতিল হয়।
- ইউজার ইন্টারফেইস সহজে ব্যবহারযোগ্য না হওয়ায় বাতিল হয় আরও ৬ শতাংশ।
- অ্যাপের নাম, বিবরণ আর স্ক্রিনশটের সঙ্গে মূল কার্যকারীতা আর কন্টেন্টে মিল না থাকলে বাতিল হয় ৫ শতাংশ অ্যাপ।
- ভুল বিবরণ বা অন্য কোনও অ্যাপ-এর সঙ্গে মিলে যায় এমন নাম বা আইকন ব্যবহারের কারণে বাতিল হয় আরও ৫ শতাংশ।
- অ্যাপটির ডিভাইসে দেখানো নাম আর আইটিউনে দেখানো নাম এক না হওয়ার কারণে ৪ শতাংশ অ্যাপ বাতিল হয়ে যায়।
- প্লেসহোল্ডার টেক্সট থাকলে বাতিল হয় আরও ৪ শতাংশ অ্যাপ।
- অ্যাপটি ঠিক যে পর্যায়ে আছে সেই অনুযায়ী অ্যাপটির রেটিং করার দায়িত্ব ডেভেলপারদেরই। ৩ শতাংশ অ্যাপ বাতিল হয় সঠিক রেটিং না থাকায়।
- ‘ডেমো’, ‘টেস্ট’, ‘বেটা’, ‘ট্রায়াল’ পর্যায়ে থাকায় বাতিল হয় ২ শতাংশ অ্যাপ।
বাকি ৪৩ শতাংশ অ্যাপ বাতিল করা হয় খুঁটিনাটি আরও বিভিন্ন কারণে। শীর্ষ টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি আসন্ন আইওএস ৮ অপারেটিং সিস্টেম নিয়ে অ্যাপ ডেভেলাপারদের যেন বিভ্রান্তিতে পড়তে না হয় সেই জন্যেই এই তালিকা প্রকাশ করেছে।
