কোয়ান্টাম কম্পিউটিংয়ে গুগল
এবার কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে গবেষণা শুরু করেছে মার্কিন টেক জায়ান্ট গুগল। তাদের নতুন প্রকল্পটির গবেষকদলের নেতৃত্ব দিচ্ছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান্তা বারবারার পদার্থবিজ্ঞানী জন মার্টিনিস।
সুপারকন্ডাক্টিং ইলেক্ট্রনিক্সের উপর ভিত্তি করে কোয়ান্টাম ইনফরমেশন প্রসেসর তৈরি করাই নতুন এই প্রকল্পের মূল লক্ষ্য।
রয়টার্স জানিয়েছে, ‘দ্য কোয়ান্টাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব’ নিয়ে জোট বেঁধে কাজ করছে গুগল, ‘নাসা অ্যামেস রিসার্চ সেন্টার’ এবং ‘ইউনিভার্সিটিস স্পেস রিসার্চ অ্যাসোসিয়েশন’ (ইউএসআরএ)।
এ সম্পর্কে গুগলের প্রকৌশল বিভাগের পরিচালক হার্টমুট নেভেন গবেষণা সম্পর্কিত এক ব্লগে বলেন. “একটি সমন্বিত হার্ডওয়ার দলের সঙ্গে কোয়ান্টাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দলটি তাদের নতুন প্রসেসর সম্পর্কিত তাত্ত্বিক জ্ঞান বাস্তবায়নের সুযোগ পাবে।”
বিগত কয়েক মাসে গুগল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে গবেষণায় উঠেপড়ে লেগেছে গুগল। চলতি বছরের জানুয়ারি মাসেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান “ডিপ মাইন্ড টেকনোলজিস” কিনে নেয় প্রতিষ্ঠানটি।
রোবটিক্স আর ‘সেলফ-ড্রাইভিং’ গাড়ি নিয়েও গবেষণা চালিয়ে যাচ্ছে গুগল।
