জিমেইল অ্যাপ হ্যাকড
শতকরা ৯২ শতাংশ ক্ষেত্রে জিমেইলের স্মার্টফোন অ্যাপ হ্যাক করতে সফল হয়েছেন মার্কিন গবেষকরা। স্যান ডিয়েগোর সাইবার সিকিউরিটি কনফারেন্সে জিমেইল সহ বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোন অ্যাপের দুর্বলতা সম্পর্কে বিস্তারিত জানাবেন যুক্তরাষ্ট্রের মিশিগান ও ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক দল।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বাজারে প্রচলিত অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর ‘শেয়ার্ড মেমোরি’ ফিচারের দুর্বলতা নিয়ে গবেষণা চালান তারা। ব্যবহারকারীর ডাউনলোড করা অ্যাপের ছদ্মবেশ ধারণ করায় গবেষকদের তৈরি ম্যালওয়্যারগুলো চিহ্নিত করতে ব্যর্থ হয় অ্যান্ড্রয়েড ওএস।
মূলত অ্যান্ড্রয়েড ওএস নিয়ে গবেষণা চালালেও, একই পদ্ধতি অ্যাপলের আইওএস আর মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেও কাজ করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
এই গবেষণাকে সাধুবাদ জানিয়েছে গুগল। “অ্যান্ড্রয়েডকে আরও শক্তিশালী আর নিরাপদ করে তোলে যে কাজগুলো তার মধ্যে থার্ড পার্টি রিসার্চ একটি”-- মন্তব্য এক গুগল মুখপাত্রের।
জিমেইল ছাড়াও এইচঅ্যান্ডআর ব্লক, নিউএগ, ওয়েবএমডি, চেস ব্যাংক, হোটেলস ডটকম, এবং অ্যামাজনের অ্যাপ হ্যাক করতে সক্ষম হন বিজ্ঞানীরা।
অ্যামাজনের অ্যাপটি হ্যাক করা সবচেয়ে কঠিন ছিল বলে জানিয়েছেন গবেষকরা। তবে এক্ষেত্রেও ‘সাকসেস রেট’ কম নয় তাদের। ৪৮ শতাংশ ক্ষেত্রে অ্যাপটি হ্যাক করতে সক্ষম হন তারা।
স্মার্টফোনের মেমোরির একটা অংশ ‘শেয়ার্ড মেমোরি’ হিসেবে ব্যবহার করে স্মার্টফোনের সব অ্যাপ। ওই দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন অ্যাপের উপর নজরদারির পাশাপাশি ডেটা চুরি করে নেয় গবেষকদের তৈরি ম্যালওয়্যারগুলো।
