এল গাড়ির ভার্চুয়াল শোরুম
অনলাইনে গাড়ি কেনাবেচা সহজ করতে ভার্চুয়াল শোরুম চালু করেছে গাড়ির ক্লাসিফাইড বিজ্ঞাপনের সাইট কারমুডি ডটকম। দেশের সকল গাড়ির শোরুম এক অনলাইন প্লাটফর্মের আওয়ায় নিয়ে আসার উদ্দেশ্য নিয়ে তৈরি ভার্চুয়াল শোরুমটি থেকে ক্রেতারা বিভিন্ন যানবাহন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।
ভার্চুয়াল শোরুম তৈরিতে ঢাকা ও ঢাকার বাইরে দেশের বিভিন্ন গাড়ি বিক্রেতার সঙ্গে কো-ব্র্যান্ডিং করেছে কারমুডি। কারমুডির সহযোগিতায় শোরুমগুলোকে নতুনভাবে সাজানো হয়েছে। কারমুডির সাথে চুক্তিবদ্ধ ঢাকা এবং চট্টগ্রামে অবস্থিত গাড়ির দোকানগুলোকে নতুন রূপ দেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে কারমুডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
কারমুডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আশিকুর রহমান বলেন, “বাংলাদেশে অটোমোবাইলের বাজার অনেক সম্ভাবনাময়। গাড়ি কেনার ঋণ সীমা বাড়ানো এবং বর্ধিত অনলাইন গ্রাহক সংখ্যা কারমুডির মতো যানবাহন কেনাবেচার অনলাইন মাধ্যমকে দ্রুত এগিয়ে যেতে সাহায্য করবে।”
