২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহিদের পাশে দাঁড়ালো বেসিস

সফল আইটি প্রফেশনাল জাহিদুল ইসলামের চিকিৎসা সম্পর্কিত সকল খরচ বহন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এক সংবাদ সম্মেলনে জাহিদ সহ শারিরিকভাবে প্রতিবন্ধী তরুণ-তরুণীদের সহায়তার জন্য ‘বেসিস ওয়েলফেয়ার ফান্ড’গঠন করার ঘোষণা দিয়েছেন বেসিস সভাপতি শামীম আহসান।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 07:20 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

২০১৩ সালে জেলা ক্যাটাগরিতে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড জিতেছিলেন জাহিদ। বর্তমানে

মেরুদন্ড বাঁকা হয়ে যাওয়া (SCOLIOSIS) রোগে ভুগছেন এই ফ্রিল্যান্সার। দীর্ঘ সময় ধরে বসে কম্পিউটার ব্যবহার করার ফলে জাহিদের মেরুদন্ড ৫৫ ডিগ্রী বাঁকা হয়ে গেছে। ফলে এখন পিঠে ও ঘাড় ও বুকে ব্যথা, শ্বাসকষ্ট ভুগছেন তিনি বাঁকা মেরুদন্ড আঘাত করছে জাহিদের হৃদপিন্ডে।

চিকিৎসার খরচ সহ জাহিদের প্লেন ভাড়া, পাসপোর্ট, ভিসা এবং দেশে ফিরে আসার পর যে ধরনের খরচ রয়েছে সেটিও বেসিসের পক্ষ থেকে বহন করা হবে বলে জানিয়েছেন শামীম আহসান।

জাহিদের মতো শারিরীক প্রতিবন্ধী তরুণ-তরুণীরা সহায়তার জন্য ‘বেসিস ওয়েলফেয়ার ফান্ড গঠন করা হয়েছে।  এই ফান্ড জাহিদকেই প্রথম সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়াও “শারিরীক প্রতিবন্ধীদের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে, যেখানে প্রশিক্ষিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে”--বলা হয়েছে বেসিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

এ ব্যাপারে জাহিদুল ইসলাম বলেন, আমার পরিবারের পক্ষে চিকিৎসার টাকা জোগাড় করা একেবারেই অসম্ভব ছিলো।  ঠিক সেই সময় বেসিস এগিয়ে এসেছে। তার কারণেই আজ আমার উন্নত চিকিৎসা হতে চলেছে। আমি সহ আমাদের পরিবার বেসিসের কাছে চির কৃতজ্ঞ থাকবে।”