ফেইসবুক ছাড়ছেন লেসিন
পদত্যাগ করেছেন শীর্ষ সোশাল নেটওর্য়াকিং সাইট ফেইসবুকের পণ্য ব্যবস্থাপণা বিভাগের দায়িত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট স্যামুয়েল লেসিন।
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ফেইসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে নিজের পদত্যাগের ঘোষণা দেন লেসিন, যা কার্যকর হবে ২৯ অগাস্ট থেকে।
পদত্যাগের পরে নিশ্চিত কোনো পরিকল্পনা নেই বলে জানান লেসিন। তবে স্ত্রী জেসিকা লেসিনকে তার প্রকাশনার কাজে সাহায্য করার ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি।
“আমার অতীত কর্মকাণ্ড যদি ইঙ্গিতবহ হয় তবে শিগগিরই নতুন কিছু শুরু করবো আমি। সেটা কী, আমি জানি না। তবে নতুন আইডিয়ার কমতি আমার কখনোই ছিল না।”-- ফেইসবুক পোস্টে এমনটাই বলেছেন স্যামুয়েল লেসিন।
