ইবে লেনদেনে বিটকয়েন!
অনলাইন লেনদেনে বিটকয়েনের ব্যবহার নিয়ে ভার্চুয়াল কারেন্সিটির শীর্ষ লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অঙ্গ প্রতিষ্ঠান পেপালের মাধ্যমে আলোচনা করছে ই-কমার্স সাইট ইবে। আলোচনা বেশ লম্বা সময় ধরে চললেও এখনও দুই পক্ষ কোনো সমঝোতায় আসতে পারেনি বলে জানিয়েছে একাধিক সূত্র।
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, মূলত পেপালের ‘ব্রেইনট্রি পেমেন্ট সিস্টেমে’ বিটকয়েনের ব্যবহার নিয়েই আলোচনা চলছে দুই পক্ষের মধ্যে। দুই পক্ষ সমঝোতায় আসলে একরকম ‘প্রাতিষ্ঠানিক গ্রহনযোগ্যতা’ পাবে বিটকয়েন।
শুরুতে ভার্চুয়াল কারেন্সিটি নিয়ে ব্যাপক সমালোচনা হলেও ক্রমশ গ্রহনযোগ্যতা বাড়ছে এর। তবে এর ঝুঁকির নিয়েও সাবধান করে দিয়েছেন প্রযুক্তি বাজারের শীর্ষ ব্যক্তিদের অনেকেই।
ইবে মুখপাত্র জেনিফার হেকসের বক্তব্য --“ভবিষ্যতের লেনদেনে বিটকয়েন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি আমরা। তবে এখনও ঘোষণা দেওয়ার মতো কিছু নেই আমাদের কাছে।”
মোবাইল জগতে পেপালে উপস্থিতি বাড়ানোর লক্ষ্য নিয়ে ইবে ৮০ কোটি ডলারে ব্রেইনট্রি কিনে নিয়েছিল ২০১৩ সালে।
