জিমেইলে গুগলের নতুন ফিল্টার
সম্প্রতি জিমেইলে রোমান/লাতিন হরফ ছাড়াও অন্যান্য অক্ষর ব্যবহারের ফিচার যোগ করেছে ওয়েব জায়ান্ট গুগল। নতুন ফিচারের সুযোগ নিয়ে সাইবার অপরাধীদের আক্রমণ প্রতিহত করতে এবার যোগ হলো নতুন স্প্যাম ফিল্টার।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সাইবার অপরাধীদের ‘ফিশিং’ (phishing) কৌশল ঠেকাইতে জিমেইলে নয়া স্প্যাম ফিল্টারের আবির্ভাব। সাইবার অপরাধ জগতে ‘ফিশিং’ বলতে মূলত ইন্টারনেটের বৈধ ও নির্ভরযোগ্য কোনো সাইটের ছদ্মবেশ ধারণ করে সাধারণ ব্যবহারকারীদের স্পর্শকাতর ডেটা চুরির কৌশলকে বোঝায়। আর জিমেইলে রোমান/লাতিন হরফ ছাড়াও অন্যান্য ভাষার অক্ষর ব্যবহারের ফিচার চালু করায় ঝুঁকি বেড়েছে ওই ফিশিং আক্রমণের।
রোমান/লাতিন অক্ষরের সঙ্গে মিল আছে অন্য ভাষার অনেক অক্ষরের। অনেকগুলোই দেখতে একই রকমের। একই চেহারার অক্ষরগুলোর ব্যবহার করে মিশ্রভাষায় লেখা নামে রেজিস্টার করা ডোমেইন দিয়ে ‘ফিশিং’ হ্যাকারদের জন্য নতুন কিছু নয়। নির্ভরযোগ্য সাইট/সেবার সঙ্গে হ্যাকারদের তৈরি ডোমেইনের মিল থাকায় খুব সহজেই বিভ্রান্ত হন সাধারণ ব্যবহারকারীরা।
ম্যাশএবল জানিয়েছে, জিমেইলে রোমান/লাতিন নয় এমন হরফ ব্যবহারের সুযোগ দিলে ‘ফিশিং’ আক্রমণের ঝুঁকি যে বাড়বে সে ব্যাপারটি আগে থেকেই বিবেচনায় ছিল গুগলের। তাই নতুন ফিচার চালু হতে না হতেই যোগ হয়েছে নতুন স্প্যাম ফিল্টার।
এক ব্লগ পোস্টে নতুন স্প্যাম ফিল্টারের কাজের ধরনটাও জানিয়ে দিয়েছে গুগল। ‘ইউনিকোড কমিউনিটি’ সন্দেহজনক বা বিভ্রান্তিমূলক বলে চিহ্নিত করেছে, একাধিক ভাষায় অক্ষর ব্যবহার করে লেখা এমন মেইলগুলো গুগল বাতিল করে দেবে বলেই জানানো হয়েছে ওই ব্লগ পোস্টে।
