২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিপস প্যাকেটেরও কান আছে!

আড়ি পাতার এক অভিনব উপায় উদ্ভাবন করেছেন এমআইটির (ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি) গবেষকরা। ঘরের সাধারণ বস্তু, যেমন চিপসের প্যাকেটের কম্পন বিশ্লেষণ করে গোপন আলোচনায় আড়ি পাতাও কোনো ব্যাপার নয় এখন গবেষকদের জন্য।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 06:48 PM

Updated : 25 Apr 2022, 04:33 PM

এই অভিনব উদ্ভাবনের খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল ডটকম। গবেষণার অংশ হিসেবে একটি কাচের সাউন্ডপ্রুফ রুমে পরীক্ষা চালান তারা।   

ওই ঘরে যখন এক ব্যক্তি কথা বলছিলেন, গবেষকরা তখন বাইরে থেকে হাই-স্পিড ক্যামেরা দিয়ে ভিডিও করছিলেন মেঝেতে পরে থাকা চিপসের প্যাকেট। চিপসের প্যাকেটটির কম্পন পর্যবেক্ষণ করে আর নিজেদের অ্যালগরিদম ব্যবহার করে ওই ব্যক্তির বক্তব্যের পুরোটাই পুনরুদ্ধার করেন তারা।

পরীক্ষাটির পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাটি খুবই সাধারণ। কথা বলার সময় আমাদের কণ্ঠনালীর কম্পন বাতাসে কম্পন সৃষ্টি করে। বাতাসের ওই কম্পন প্রভাব ফেলে আশপাশের বস্তুগুলোর মধ্যেও। ফলে খালি চোখে দেখা না গেলেও কথা বলার সময় আমাদের আশপাশের বস্তুগুলো আমাদের কথার কম্পাঙ্কে কাঁপতে থাকে। আর বিশেষ অ্যালগরিদমের মাধ্যমে এই কম্পনকে অনুবাদ করে পুনরায় শব্দে পরিণত করেছেন এমআইটির গবেষকরা।

তবে বস্তুর কম্পন থেকে শব্দ পুনরুদ্ধারের এই ধারণাটি নতুন নয়। একই ধারণার উপর ভিত্তি করে এর আগে তৈরি হয় ‘লেজার মাইক্রোফোন’। শব্দের কম্পন থেকে লেজার রশ্মীতে সৃষ্ট ঢেউ পর্যবেক্ষণের মাধ্যমে শব্দটি পুনরুদ্ধার করা যায় এই লেজার মাইক্রোফোনের সাহায্যে।

সাধারণ মোবাইল ফোনের ক্যামেরা দিয়েই বস্তুর কম্পন ধারণ করা সম্ভব বলে জানিয়েছেন এমআইটির বিজ্ঞানীরা।