এক্সবক্সে ‘এক্সক্লুসিভ’ টুম্ব রেইডার!
জনপ্রিয় অ্যাকশন-অ্যাডভেঞ্চার ভিডিও গেইম ‘টুম্ব রেইডার’-এর পরবর্তী সিকুয়ালটি কেবল এক্সবক্স ‘এক্সক্লুসিভ’ হবে বলে ঘোষণা দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।। অর্থ্যাৎ নতুন ‘টুম্ব রেইডার’ খেলার সুযোগ পাবেন কেবল এক্সবক্স গেইমাররাই।
বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এই পদক্ষেপটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেইম ফ্র্যাঞ্চাইজটিতে প্রতিযোগিতার বাজারে আরো এগিয়ে নিতে সাহায্য করবে বলে মন্তব্য করেছে গেইমটির নির্মাতা ক্রিস্টাল ডায়নামিক্স। তবে এতে কনসোল গেইমারদের একটা অংশ যে ‘চোখ বাঁকাচ্ছে’ সেটিও স্বীকার করে নিয়েছেন নির্মাতারা।
শুরুতে টুম্ব রেইডারের অনেকটাই নির্ভরশীল ছিল এক্সবক্সের সরাসরি প্রতিদ্বন্দ্বী গেইম কনসোল প্লেস্টেশনের উপর। টুম্ব রেইডারের সাফল্যের পেছনে প্লেস্টেশনের বড় একটা ভূমিকা আছে বলেও মনে করেন প্রযুক্তি বোদ্ধাদের অনেকেই।
মাইক্রোসফট ‘এক্সক্লুসিভ’ এক্সবক্স গেইম হিসেবে টুম্ব রেইডার লঞ্চ করার ঘোষণা দিয়েছে জার্মানীতে আয়োজিত গেইমসকম ট্রেড ফেয়ারে। “আমরা এটা নিয়ে খুবই উত্তেজিত যে ২০১৫ সালে আমাদের প্লাটফর্মে (এক্সবক্স) রাইজ অফ টুম্ব রেইডার আসছে।”-- বলেন মাইক্রোসফটের কর্পোরেট ভাইস-প্রেসিডেন্ট ফিল হ্যারিসন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী প্রযুক্তি বোদ্ধাদের অনেকেই মনে করছেন সনির প্লেস্টেশনের বিপরীতে বাজারে আশানরূপ সাফল্য না পেয়েই ক্রিস্টাল ডায়নামিক্সের সঙ্গে আলাদা করে চুক্তিতে এসেছে মাইক্রোসফট। প্রতি তিনটি প্লেস্টেশনের বিপরীতে একটি এক্সবক্স কনসোল বিক্রি হচ্ছে, এমনটাই ইঙ্গিক করছে উভয় প্রতিষ্ঠানের জুলাই মাসের আর্থিক প্রতিবেদন।
