২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্ট হেলমেট

স্কালি এআর-১( Skully AR-1) দেখেতে বাজারে প্রচলিত আর ১০টি মোটরবাইক হেলমেটের মতোই। তবে এর নির্মাতাদের দাবি এটি নাকি ‘ওয়ার্ল্ডস স্মার্টটেস্ট হেলমেট’।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 09:11 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

স্কালি এআর -১ শুধু বাইকচালককে মাথার নিরাপত্তাই দেবে না, থাকবে ইন্টারনেট সংযোগও।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, স্মার্ট হেলমেটটিতে আছে ‘রিয়ার-ভিউ ক্যামেরা’ আর ‘হেডস-আপ ডিসপ্লে’। হেডস-আপ ডিসপ্লেতেই দেখা যাবে মোটরবাইকের গতি, দিক, ফিউয়েলের পরিমাণ আর কলার আইডি!

হেলমেটটি বানিয়েছে স্যান ফ্রান্সিসকো ভিত্তিক স্টার্টআপ স্কালি সিস্টেমস। এই হেলমেটটির আরেকটি ইতিবাচক দিক হল, কুয়াশা জমবে না এবং আঁচড় পড়বে না এতে।

দিক নির্দেশনার জন্য ব্লুটুথের মাধ্যমে আরোহীর স্মার্টফোনের সঙ্গে সংযোগ স্থাপন করবে স্কালি। স্মার্টফোনের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে জিপিএস সেবাও ব্যবহার করতে পারবে এই হেলমেট।

আর ইন্টারনেট সংযোগ না থাকলেও সমস্যা নেই, অন-বোর্ড ম্যাপ ব্যবহার করে গন্তব্যের দিক নির্দেশনা দেবে স্মার্টহেলমেট।

বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ইন্ডিগোগো ক্যাম্পেইন শুরু করেছিল স্কালি সিস্টেমস। ক্যাম্পেইন শেষ হতে বাকি এখনও এক মাস। এর মধ্যেই ৮ লাখ ডলার জমা হয়েছে ওই তহবিলে, যা নির্মাতাদের প্রাথমিক চাহিদার তিনগুণেরও বেশি।

একবারের চার্জে টানা ৯ ঘন্টা ব্যবহার করা যাবে হেলমেটটি। যুক্তরাষ্ট্রের জন্য ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট এবং আন্তর্জাতিক ব্যবহারের জন্য ইউনাইটেড নেশনস ইকোনমিক কমিশন ফর ইউরোপ থেকেও অনুমতি পেয়েছে স্কালি এআর-১।

তবে দামটাও কম নয়। ইন্ডিগোগোতে হেলমেটটি প্রি-অর্ডার করা যাবে ১,৩৯৯ ডলারে।