২৫ ডলারে মাইক্রোসফটের মোবাইল
২৫ ডলার দামে মোবাইল সেট বিক্রির ঘোষণা দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। ইন্টারনেট সংযোগ থাকবে না ২৫ ডলার দামের নোকিয়া ১৩০'তে। অর্থ্যাৎ মাইক্রোসফটের ইন্টারনেটভিত্তিক সেবাগুলো ব্যবহারের সুযোগ পাবেন না ক্রেতা।
বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি নোকিয়া ১৩০ নিয়ে ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের মোবাইলফোন বিভাগের প্রধাণ জো হার্লো।
“বাজারটা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাও অনেক বেশি। কিন্তু আমাদের কার্যকর বিপণন এবং সরবরাহ ব্যবস্থা আছে যা এই বাজারে আমাদের কার্যকরভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে সাহায্য করবে।”-বিবিসিকে এমনটাই বলেছেন হার্লো।
কম ক্রয়ক্ষমতা সম্পন্ন ক্রেতাদের কথা মাথায় রেখেই মোবাইলটি ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছেন হার্লো। আর দাম কম হলেও নির্মাণ খরচ আর বাজারজাতকরণের খরচ বাদ দেওয়ার পরও মাইক্রোসফটের পকেটে লাভ ঠিকই আসবে বলেও নিশ্চিত করেছেন তিনি। সিরিজ ৩০+ অপারেটিং সিস্টেমে চলবে নোকিয়া ১৩০।
অন্যদিকে আশা ও অ্যান্ড্রয়েড ওএসের নোকিয়া এক্স স্মার্টফোন নির্মান বন্ধের ঘোষণাও দিয়েছে মাইক্রোসফট। স্মার্টফোন বাজারে স্বল্পমূল্যের অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর দৌরাত্ম্যের কারণেই আশা ও নোকিয়া এক্স সিরিজের স্মার্টফোনগুলো টিকে থাকতে পারেনি বলে মন্তব্য করেছেন বাজার গবেষণা প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটের চিফ অফ রিসার্চ বেন উড।
