হ্যাকিংয়ে অভিযুক্ত রাশিয়ান যুবক
ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটার এবং ক্রেডিট কার্ডের তথ্য চুরির অপরাধে অভিযুক্ত হয়েছেন রাশিয়ান এক আইনজীবীর ছেলে। শুক্রবার তার বিরুদ্ধে আনা ২৯টি অভিযোগ অবশ্য অস্বীকার করছেন তিনি।
রোমান সেলেজনেভ নামে রাশিয়ান এই ব্যক্তির জামিন আবেদন নাকচ করেছেন মার্কিন ডিস্ট্রিক্ট জাজ জন এল. ওয়েইনবার্গ। কারাগারে তাকে পাঠিয়ে পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে ১৬ আগস্ট। এ ছাড়াও তার বিচারকার্য শুরু হবে অক্টোবরের ১৬ তারিখে।
জুরি বোর্ড সেলেজনেভের নামে আনা অভিযোগে বলা হয়েছে, প্রায় ২ লাখ ক্রেডিট কার্ড নাম্বার চুরি করে সেখান থেকে ১ লাখ ৪০ হাজার কার্ড বিক্রি করেছেন তিনি। সেই সঙ্গে তার লাভের খাতায় যোগ করেছেন প্রায় ২০ লাখ মার্কিন ডলার। তার এই জালিয়াতির বেশির ভাগ শিকার হয়েছেন সিয়াটলে, যেখানে থেকেই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা এক অভিযোগে জানিয়েছে, মার্কিন সরকার সেলেজনেভকে অপহরণ করেছে।
