২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরেই ফোন-ফ্রি স্মার্টওয়াচ

স্মার্টফোন ছাড়াই ব্যবহার করা যাবে এমন স্মার্টওয়াচ বাজারে নিয়ে আসছে হাতঘড়ির ব্র্যান্ড টাইম্যাক্স। বুধবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি স্মার্টওয়াচ বাজারে আসার ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 08:24 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএল জানিয়েছে, অভিনব এ স্মার্টওয়াচটিকে ‘আয়রনম্যান ওয়ান জিপিএস+’ নাম দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।

থ্রিজি-সংযুক্ত এই যন্ত্রটি স্মার্টফোনের সাহায্য ছাড়াই নিজ থেকে বিভিন্ন অ্যাপের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে। যারা ফিটনেস-ট্র্যাকিংয়ের জন্য স্মার্টওয়াচ ব্যবহার করেন, কিন্তু ফোন বা ঘড়ি একই সময়ে বহন করেন না তাদেরকেই ক্রেতা হিসেবে ধরে নিচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

স্মার্টওয়াচটিতে থাকছে চার গিগাবাইট মেমোরি। এতে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান এক বছর বিনামূল্যে থ্রিজি ডেটা সেবা দেবে। এ ছাড়া পানি রোধক এই স্মার্টওয়াচটিতে সব ফিটনেস-ট্র্যাকিং অ্যাপ সাপোর্ট করবে।

এর জিপিএস সুবিধার মাধ্যমে ব্যবহারকারী নিজ অবস্থান সম্পর্কে জানতে এবং চাইলে সেটি অন্যকে জানাতে পারবেন। অন্যদিকে স্মার্টওয়াচটির ‘ফাইন্ড মি মোড’ ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা জরুরি পরিস্থিতিতে সঠিক অবস্থানগত তথ্যের অ্যালার্ট মেসেজ পাঠাতে পারবেন।

আগ্রহী ক্রেতারা টাইম্যাক্স ওয়েবসাইটের মাধ্যমে তিনশ’ ৯৯ ডলারেই প্রি-অর্ডার করতে পারবেন ‘আয়রনম্যান ওয়ান জিপিএস+’। আর চারশ’ ৪৯ ডলারের আরও অভিনব মডেলের বিল্ট-ইন হার্ট রেট মনিটরসম্পন্ন স্মার্টওয়াচও বাজারে আসবে অক্টোবরে।