অ্যাপ থেকে ২০ বিলিয়ন আয় অ্যাপলের
অ্যাপল অ্যাপ স্টোর প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত অ্যাপ-বাণিজ্য থেকে ২০০০ কোটি ডলার আয় করেছে টেক জায়ান্ট অ্যাপল। এর সিংহভাগই এসেছে ইউরোপিয়ান অ্যাপ ডেভেলপারদের তৈরি অ্যাপগুলো থেকে।
২০০৮ সালে আইটিউনস স্টোর চালু করে অ্যাপল। বর্তমানে আইটিউনস স্টোরের অ্যাপ সংখ্যা ১২ লাখ।
অ্যাপলের সবচেয়ে বড় ইউরোপিয়ান অ্যাপ ডেভেলপার গোষ্ঠী যুক্তরাজ্যের, ডেভেলপার সংখ্যা ৬১ হাজার। ৫২ হাজার ২০০ ডেভেলপার নিয়ে দ্বিতীয় স্থানে আছে জার্মানি আর তৃতীয় স্থানে আছে ফ্রান্স, ডেভেলপার সংখ্যা ৩০ হাজার।
অ্যাপ থেকে আসা আয়ের ৭০ শতাংশ পান ডেভেলপাররা, বাকি ৩০ শতাংশ নেয় অ্যাপল, জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ২০০৮ থেকে এ পর্যন্ত অ্যাপল অ্যাপ স্টোরের অ্যাপ থেকে ইউরোপিয়ান ডেভেলপাররা আয় করেছেন ৬৫০ কোটি ডলার, জানিয়েছে অ্যাপল। পেইড অ্যাপ এবং ইন অ্যাপ পারচেজ থেকে অ্যাপলের মোট আয়ের এক তৃতীয়াংশই এসেছে ইউরোপিয়ান ডেভেলপারদের তৈরি অ্যাপ থেকে।
এ বছর অ্যাপ থেকে বিশ্বব্যাপী ৮৬০০ কোটি ডলার আয় হবে বলে ধারণা করছে অ্যাপল, এর মধ্যে ১৬৫০ কোটি ডলারই যাবে ইউরোপিয়ান ডেভেলপারদের হাতে। প্রতিবছর ১২ শতাংশ হারে বাড়ছে অ্যাপলের অ্যাপ থেকে ইউরোপিয়ানদের আয়ের পরিমাণ।
এ ছাড়াও ইউরোপিয়ান অ্যাপ ডেভেলপারদের জন্য একটি বড় কর্মসংস্থানের উৎস অ্যাপল। ২০০৮ সাল থেকে এপর্যন্ত প্রায় পাঁচ লাখ আইওএস অ্যাপ ডেভেলপারকে কর্মসংস্থান দিয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
