২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বাংলা ওসিআর ‘পুঁথি’

বিশ্বের ৩৭ তম দেশ হিসেবে অপটিক্যাল ক্যারেক্টার রিডার (ওসিআর) তৈরি করেছে বাংলাদেশ, বাংলা ওসিআর উদ্বোধন করতে এসে একথা বলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ফারহান ফেরদৌস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 08:44 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

বৃহস্পতিবার বেসরকারী প্রতিষ্ঠান ‘টিম ইঞ্জিন’ তাদের উদ্ভাবিত বাংলা ওসিআর ‘পুঁথি’ উদ্বোধন করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “হিন্দি ভাষার ওসিআর এখনো হয়নি, ৩৭তম দেশ হিসেবে আমরা ওসিআর উদ্বোধন করতে যাচ্ছি।”

বাংলা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার (ওসিআর) ‘পুঁথি’ ৪ সেকেন্ডে বইয়ের একটি পাতাকে ডিজিটাইজ এবং এডিটেবল করতে পারে এবং মূল টেক্সটের শতকরা ৯৫ ভাগের বেশি শব্দ নির্ভুলভাবে প্রদর্শন করতে সক্ষম বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

টিম ইঞ্জিনের ব্যবস্থাপনা পরিচালক সমিরা জুবেরী ‍হিমিকা বলেন, “এই সফটওয়্যারের মাধ্যমে আগের সব ফাইল ডিজিটাল ফরম্যাটে হার্ডডিস্কে সংরক্ষণ করা যাবে। এ ছাড়া অনলাইন লাইব্রেরি প্রতিষ্ঠায় বাংলা ওসিআর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি ও কম্পিউটারে বহুল ব্যবহৃত বাংলা লিখন পদ্ধতি বিজয়ের প্রবর্তক মোস্তাফা জব্বার বলেন, “কম্পিউটিংয়ে বাংলা ব্যবহারের ক্ষেত্রে আমরা যে চ্যালেঞ্জ সবচেয়ে বেশি মোকাবেলা করছিলাম তা হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার পাওয়া, ওসিআর ‘পুঁথি’ বাংলাদেশের জন্য অবশ্যই অনেক বড় ঘটনা।”

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলা ওসিআর তৈরির জন্যে টিম ইঞ্জিনকে ধন্যবাদ জানান।