২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু নিপীড়ক ধরিয়ে দিল গুগল

শিশু নিপীড়ণের অভিযোগে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনবাসী এক ব্যক্তিকে ধরিয়ে দিয়েছে ওয়েবজায়ান্ট গুগল। অভিযুক্ত জন হেনরি স্কিলার্ন মেইল পাঠানোর সময় ওই মেইলে এক শিশুর নগ্ন ছবি চিহ্নিত করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিল গুগল। গুগলের তথ্যের সূত্র ধরেই স্কিলার্নকে গ্রেপ্তার করে হিউস্টন পুলিশ।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 06:58 PM

Updated : 25 Apr 2022, 04:31 PM

বিবিসি জানিয়েছে, স্কিলার্ন একটি মেইল পাঠালে তাতে এক শিশুর ছবি চিহ্নিত করে গুগল সার্ভার। বিষয়টি ‘ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড  চিলড্রেনকে’-জানায় গুগল। এরপর ওই তথ্যের ভিত্তিতে স্কিলার্নকে গ্রেপ্তার করে হিউস্টনের স্থানীয় পুলিশ।

৪১ বছর বয়সী স্কিলার্ন একজন সাজাপ্রাপ্ত অপরাধী। তার সংগ্রহে শিশু পর্নোগ্রাফি থাকার অভিযোগে মামলা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

প্রাইভেসি লবি গ্রুপ ‘বিগ ব্রাদার ওয়াচ’-এর ভারপ্রাপ্ত পরিচালক এমা কার এ ব্যাপারে বলেন, “মার্কিন প্রতিষ্ঠানগুলো শিশু নির‌্যাতন ঠেকাতে আইনের মাধ্যমে মার্কিন সরকারের কাছে দায়বদ্ধ। আর গুগল যে হারে ইমেইল স্ক্যান করে তাতে এরকম ব্যাক্তিদের ধরার পড়ার ঘটনা কেবল সময়ের ব্যাপার ছিল।”

তবে গুগল এধরণের অপরাধ ঠেকাতে কীভাবে এবং কোন ধরনের কন্টেন্ট স্ক্যান করছে সে বিষয়টির স্বচ্ছতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। “সাধারণ ব্যবহারকারীরা যেন ভুল অভিযোগের শিকার না হন সে বিষয়টি নিশ্চিত করতে গুগলের অবস্থান পরিষ্কার হওয়া প্রয়োজন।”--মন্তব্য করেছেন কার।