মনোরম পথ খুঁজে দেবে সফটওয়্যার
মনোরম রাস্তার মাধ্যমে ব্যবহারকারীদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে নতুন ম্যাপিং সফটওয়্যার। পরীক্ষামূলক এই সফটয়্যারটি তৈরি করেছে ইন্টারনেট জায়ান্ট ইয়াহু’র গবেষকরা ।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, যারা নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে চান তাদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ভিন্নধর্মী ম্যাপিং সফটওয়্যারটি।
প্রচলিত ম্যাপিং অ্যাপগুলো ডিজাইন করা হয়ে থাকে ব্যবহারকারীরা যাতে দ্রূত গন্তব্যে পৌঁছাতে পারেন সেজন্য। কিন্তু ইয়াহুর গবেষকরা দাবি করেছেন, নতুন এই ম্যাপিং সফটওয়্যারটির ব্যবহারকারীদের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে সুন্দর, আনন্দদায়ক এবং মানসিক প্রশান্তি দিতে সক্ষম এমন পথগুলো অনুসরণের পরামর্শ দেবে এবং সেই অনুসারে রাস্তার নির্দেশনা দেবে। তবে এতে বিদ্যমান জিপিএস অ্যাপগুলোর চেয়ে ১২ শতাংশ সময় বেশি লাগবে ।
সুন্দর পথ খুঁজে বের করার জন্য গবেষকরা ক্রাউডফান্ডিং সাইট ‘আরবান জেমস’-এর সাহায্য নিয়েছেন। আরবান জেমস এমন একটি সাইট যেটি তাদের গ্রাহকদের সাহায্যে মনোরম পরিবেশ চিহ্নিত করে থাকে। এই সাইটটির পাশাপাশি যুক্তরাজ্যের লন্ডনের রাস্তা সম্পর্কে তিন হাজার তিনশ’ মানুষের মতামত সংগ্রহ করেছেন গবেষকরা।
সংগৃহিত ডেটাগুলোর সাহায্যে গবেষক দল সফটওয়্যারের মনোরম পথ নির্দেশনার গ্রাফ ডিজাইন করেছেন এবং আসলেই সে পথগুলো সুন্দর কিনা সে বিষয়ে নিশ্চিত হয়েছেন। শুধু লন্ডনই নয়; সফটওয়্যারের সংখ্যা আরও বাড়াতে গবেষকরা বস্টনের বিভিন্ন সুন্দর রাস্তাও ম্যাপিংয়ে অন্তর্ভুক্ত করেছেন এবং সফটওয়্যারে একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া যুক্ত করেছেন যার মাধ্যমে ফ্লিকারের ছবির সাহায্যেও ওই সুন্দর স্থানগুলো চিহ্নিত করা যায়। এক্ষেত্রে ফ্লিকারে থাকা লন্ডনের 37 লাখ আর বস্টনের 13 লাখ ছবি সফটওয়্যারটিকে দারুণ সাহায্য করেছে।
অন্যান্য ম্যাপিং সফটওয়্যারের মতো নতুন ম্যাপিং সফটওয়্যারটির কিছুটা সীমাবদ্ধতা আছে বলে জানিয়েছেন এর গবেষকরা। অনেকক্ষেত্রেই দিনের বিভিন্ন সময়ের উপর নির্ভর করে বিভিন্ন স্থানের আকর্ষনীয়তা। ভবিষ্যতে এই সীমাবদ্ধতাটিও থাকবে না বলে প্রত্যাশা করছেন তারা।
“আমাদের মূল লক্ষ্যই ছিল সফটওয়্যারটি যেন স্বয়ংক্রিয়ভাবে ওই রাস্তাগুলোর পরামর্শ দেয় যা মানসিক প্রশান্তি দিতে পারবে।” -- বলেন সংশ্লিষ্ট গবেষকরা।
