‘গিফ’ নয় ‘জিফ’!
কয়েকটি স্থির ছবিকে ধারাবাহিকভাবে সাজিয়ে তৈরি করা অ্যানিমেশনকে বলা হয় গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট বা জিআইএফ(GIF)। অধিকাংশ ব্যাক্তিই শব্দটিকে উচ্চারণ করেন গিফ। তবে এর সঠিক উচ্চারণ হবে জিফ, জানালেন এর উদ্ভাবক স্টিভ উইলহাইট।
নিজের উদ্ভাবনের সম্মাননা হিসেবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নিতে এসে একথা জানান উইলহাইট।
১৯৮৭ সালে মার্কিন অনলাইন বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান ‘কম্পিউসার্ভ’ এর সঙ্গে কাজ করার সময় সর্বপ্রথম জিফটি তৈরি করেন উইলহাইট। কম্পিউসার্ভের জন্য রঙ্গিন আবহাওয়া মানচিত্র তৈরি করতে গিয়ে আইডিয়াটির জন্ম। উইলহাইটের প্রথম জিফটি ছিল একটি বিমানের, জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল।
২০১২ সালে ২৫ বছর পুর্ণ হয় জিফের। একই বছরে অক্সফোর্ড আমেরিকান ডিশনারির ‘ওয়ার্ড অব দ্যা ইয়ার’ ঘোষিত হয় জিফ। তবে আমেরিকান অক্সফোর্ড ডিশনারিতে বলা হয়েছে ‘জিফ’ ও ‘গিফ’ দুটি উচ্চারণই সঠিক।
