২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমালেচনায় খেসারত ফরাসি ব্লগারের

এক রেস্তোরাঁর কঠোর সমালোচনা করা লেখা ব্লগ গুগল সার্চ ফলাফলে সুপরিচিত হওয়ায় ফরাসি ওই ব্লগারকে জরিমানা করেছে ফ্রান্সের আদালত। ফরাসি বিচারকের রায় অনুযায়ী, কড়া সমালোচনা করা ওই লেখার জন্য ক্ষতিপূরণও গুণতে হবে ব্লগারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 06:01 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্লগারের ওই লেখাটির সার্চ ফলাফল খ্যাতি তাদের ব্যবসায়ের ক্ষতি করছে বলেই দাবি করেছেন রেস্তোরাঁটির মালিকপক্ষ।

রায়ে বিচারক ব্লগার ক্যাহোলিন দুদেকে লেখাটির শিরোনাম সংশোধন করতে ও দুই হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই রায় প্রসঙ্গে আদালতের মত, সার্চ ফলাফলে শীর্ষে অবস্থানই ওই লেখাকে অপরাধে পরিণত করেছে।

দুদে ‘দ্য প্লেস টু অ্যাভয়েড ইন ক্যাপ-ফেরেট: ইহ জাডিনো’ নামের এক ব্লগপোস্ট লেখার পর রেস্তোরাঁটির মালিকপক্ষ তার বিরুদ্ধে মামলা করেন। অন্যদিকে আদালতের নথি মোতাবেক, ব্লগপোস্টটি সার্চ ফলাফলে চতুর্থ স্থানে থাকায় বিচারক ব্লগটির শিরোনাম পরিবর্তন করার সিদ্ধান্ত জানিয়েছেন। এর ফলে ‘দ্য প্লেস টু অ্যাভয়েড’ শিরোনামটি সার্চ ফলাফলে আগের মতো ভূমিকা রাখবে না বলেই মনে করেন বিচারক।

এ ছাড়াও বিচারক জানিয়েছেন, দুদে’র ফ্যাশন এবং লিটারেচার ব্লগের প্রায় তিন হাজার ফলোয়ারদের কারণে রেস্তোরাটির ক্ষতি আরও বেশি হয়েছে।