বেসিসের কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৪-২০১৬ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সংগঠনটির দায়িত্ব গ্রহণ করেছে।
১৪ জুলাই সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবনির্বাচিত এ কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্যবিদায়ী কার্যনির্বাহী পরিষদ।
বেসিসের সদ্যবিদায়ী ও নতুন কমিটির সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক, টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দিক এবং তথ্যপ্রযুক্তি সচিব মো. নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২০১২-২০১৪ মেয়াদের প্রথম সভাপতি ও পরিচালক একেএম ফাহিম মাশরুর, সাবেক সভাপতি ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এসএম কামাল, বেসিসের নির্বাহী পরিচালক সামি আহমেদ। অনুষ্ঠানে বেসিস-এর লোগো অঙ্কিত পতাকা আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি শামীম আহসানের হাতে তুলে দেন বেসিসের প্রাক্তন সভাপতিবৃন্দ।
প্রধান অতিথি লতিফ সিদ্দিকী তার বক্তব্যে নতুন নেতৃবৃন্দ জনসাধারণের চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে সাধ্যমত কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
“ইতোমধ্যেই ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে এবং আমরা বিশ্বাস করি তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন অব্যাহত থাকলে ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে একটি ডিজিটাল মধ্যম আয়ের বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।”-- বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সভাপতির বক্তব্যে শামীম আহসান উপস্থিত বেসিস সদস্যবৃন্দ, সরকারী, বেসরকারী সংস্থা, চেম্বার ও এসোসিয়েশন, দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, বেসিস ‘ওয়ান বাংলাদেশ’ ভিশনকে সামনে রেখে সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সাথে একাত্ম হয়ে আগামী ৫ বছরের মধ্যে ১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানী আয়ের লক্ষ্যমাত্রা অর্জন, ১০ লক্ষ আইটি প্রফেশনাল তৈরি এবং প্রতিবছর এক কোটি করে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
২০১৪-১৬ মেয়াদে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন, সভাপতি পদে শামীম আহসান, সিনিয়র সহ-সভাপতি পদে টিম ক্রিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ, সহ-সভাপতি পদে সিসটেক ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা এম রাশিদুল হাসান, মহাসচিব পদে বেস্ট বিজনেস বন্ডের ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার পাল, যুগ্ম-মহাসচিব পদে অ্যাডভান্সড ইআরপির ব্যবস্থাপনা পরিচালক মো: মোস্তাফিজুর রহমান সোহেল, কোষাধক্ষ পদে টেকনোবিডি ওয়েব সল্যুউশনস এর ব্যবস্থাপনা পরিচালক শাহ ইমরাউল কায়ীশ এবং পরিচালক পদে মাল্টিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সানি মো: আশরাফ খান, আপডেট সল্যুউশনস টেকনোলজিস লিমিটেডের পরিচালক সামিরা জুবেরী হিমিকা ও ই-সফটের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হাসান অপু ।
