২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবস্ক্রিপশন শেষেও লাইটরুম অ্যাকসেস

অ্যাডোবি লাইটরুমের ক্রিয়েটিভ ক্লাউড সাবস্ক্রিপশন শেষ হলেও ভয় নেই ফটোগ্রাফারদের, মালিকানা হারাবে না কষ্টের ফটো ক্যাটালগ। সাবস্ক্রিপশন শেষে ফটো এডিটিংয়ের সবগুলো অপশন খোলা না থাকলেও প্রিন্ট এবং এক্সপোর্ট করা যাবে ফটো।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 05:38 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, জুনে মুক্তি পাওয়া লাইটরুমের সর্বশেষ ভার্সন থেকে নতুন সুবিধাটি পাবেন ক্রিয়েটিভ ক্লাউড ব্যবহারকারীরা। লাইটরুমের সাবস্ক্রিপশন পরবর্তী সুযোগ সুবিধা নিয়ে সংশয় ছিল অনেকের মনেই। সাবস্ক্রিশন শেষেও ছবি ম্যানেজ আর প্রিন্ট করার সুবিধার কারণে সেই সংশয় কিছুটা হলেও দূর হতে পারে বলে মন্তব্য করেছে সিনেট।

লাইটরুম ৫.৫-এর ক্রিয়েটিভ ক্লাউড সাবস্ক্রিপশন শেষে ডেস্কটপ অ্যাপ্লিকেশনটি কাজ করবে আগের মতোই। তবে মেম্বারশিপ শেষ হওয়ায় ডিসএবল করে দেওয়া হবে ডেভেলপ এবং ম্যাপ মডিউল। বন্ধ হয়ে যাবে ‘লাইটরুম মোবাইল ওয়ার্কফ্লো’। ফিচারগুলো ব্যবহারের জন্য নবায়ন করতে হবে মেম্বারশিপ।

লাইটরুমের আইপ্যাড আর আইফোন ভার্সন ব্যবহার করে ফটো এডিটিংয়ের সুযোগ মেলে ব্যবহারকারীদের। মোবাইল ডিভাইস থেকে ফটো এডিটিংয়ের জন্য পিসিভিত্তিক লাইটরুম ক্যাটালগের সঙ্গে সিনক্রোনাইজ করার প্রয়োজন পরে। আর সিনক্রোনাইজিংয়ের কাজটা হয় অ্যাডোবির ক্রিয়েটিভ ক্লাউড সেবার মাধ্যমেই।