ফাইনালের আগে স্ন্যাপচ্যাট ‘চমক’
ব্যবহারকারীদেরকে চমকে দিতে বিশ্বকাপ ২০১৪ ফাইনালের কয়েক ঘণ্টা আগে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ তাদেরকে ব্রাজিলের বিভিন্ন ছবি পাঠানো শুরু করে। ব্রাজিলে ফাইনাল অনুষ্ঠিত হবার আগে মানুষ কীভাবে তা উদযাপন করছে সেটিই ছিল ওই ছবিগুলোর মূল বিষয়।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ব্যবহারকারীদের পাঠানো ওই ছবিসংগ্রহের নাম দেওয়া হয়েছিল ‘আওয়ার স্টোরি’।
আর্জেন্টিনা-জার্মানি ফাইনাল শুরু হবার পর ‘আওয়ার স্টোরি’-তে যোগ হতে থাকে আরও ছবি এবং স্বয়ংক্রিয়ভাবে ‘রিও লাইভ’ নামের একটি অ্যাকাউন্ট সব স্ন্যাপচ্যাট ব্যবহারকারীর কনটাক্ট তালিকায় চলে আসে। ফলে ব্যবহারকারীরাও রিও লাইভ অ্যাকাউন্টটিতে এই ধরনের ছবি ও ভিডিও পাঠানো শুরু করে।
এই প্রসঙ্গে স্ন্যাপচ্যাটের এক মুখপাত্র বলেছেন, “আমরা কোনো প্রচারণা চালাইনি। শুধু রিও-তে থাকা স্ন্যাপচ্যাটাররাই রিও লাইভে ছবি বা ভিডিও যোগ করতে পেরেছেন, অন্যান্য ব্যবহারকারীরা সেগুলো শুধু দেখতে পেরেছেন।”
ম্যাশএবলের তথ্য অনুসারে, আসলে স্ন্যাপচ্যাট তাদের নতুন গ্রুপ-শেয়ারিং ফিচার পরীক্ষা করতেই এই কাজটি করেছিল। নতুন এই ফিচারটিতে বহু স্ন্যাপচ্যাট ব্যবহারকারীর ছবি এবং ভিডিও’র সাহায্যে একটি বিশাল সংগ্রহ গড়ে উঠবে এবং তা ২৪ ঘন্টা পর্যন্ত দেখা যাবে।
