২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকিংয়ের অভিযোগে গ্রেপ্তার চীনা ব্যবসায়ী

যুক্তরাষ্ট্রের সামরিক ডেটা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক চীনা ব্যবসায়ী। শুক্রবার মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, কানাডায় বসবাসরত ওই চীনা ব্যবসায়ী বোয়িং-এর কম্পিউটার হ্যাক করে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান এবং অস্ত্র সম্পর্কিত তথ্য চুরি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 03:55 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, চীনা ব্যবসায়ী সু বিন এই তথ্যগুলো চীনের কিছু সংখ্যক প্রতিষ্ঠানের কাছে বিক্রির উদ্দেশ্যে চুরি করছিলেন।

যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই আদালতে জানিয়েছে, বছরখানেক ধরে বিন বোয়িংয়ের ডেটা হাতিয়ে নিয়েছেন এবং চিহ্নিত করা সম্ভব হয়নি এমন দুটি সূত্রের সঙ্গে কাজ করছিলেন। তবে এর সঙ্গে চীন সরকারের সংশ্লিষ্টতা বা কোনো গোপনীয় তথ্য চুরি হয়েছে কি না সে বিষয়ে কিছু জানানো হয়নি বলেই জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

হ্যাকাররা কীভাবে বোয়িংয়ের ডেটা হাতিয়েছে সে বিষয় আদালতের নথিতে কিছু না থাকলেও এফবিআই এজেন্ট নোয়েল এ. নিমান জানিয়েছেন, হ্যাকাররা ইমেইলের মাধ্যমে ম্যালিশাস কোডের লিংক পাঠিয়েছিল এবং পরবর্তীতে ওই লিংকে ক্লিকের ফলে হ্যাকররা কম্পিউটার সিস্টেমের প্রবেশাধিকার পেয়েছিল।

বোয়িংয়ের এক মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি এই বিষয়ে তদন্তে সহযোগিতা করছে।

এই সাইবার আক্রমণ প্রসঙ্গে বিচার বিভাগ মুখপাত্র মার্ক রেইমন্ডি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ তথ্যের উপর সাইবার আক্রমণ নিয়ে তারা উদ্বিগ্ন এবং তারা আবারও প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র সরকার সাইবার নিরাপত্তা ও সাইবার আক্রমণ ঠেকাতে যে কোনো পদক্ষেপ নেবে।

অবৈধভাবে কম্পিউটারে প্রবেশের অভিযোগে অভিযুক্ত বিন ‘লোডে টেক’ নামের একটি চীনা বিমানচালনা প্রতিষ্ঠানের কর্ণধার। কানাডায় এই প্রতিষ্ঠানটির অফিস রয়েছে। জুনের ২৮ তারিখ বিনকে এফবিআই গ্রেপ্তার করেছে বলেই জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।